দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন আজ সোমবার। আজই আসন ভাগাভাগিসহ শরিকদের সঙ্গে নির্বাচন বিষয়ে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ১৪ দলীয় জোট নেতাদের এ বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে। বৈঠকে আসন ভাগাভাগি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে ধারণা করছেন নেতাকর্মীরা।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ১৪ দলের শরিকদের বৈঠক অনুষ্ঠিত হবে। এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
জানা গেছে, গত ৩টি জাতীয় সংসদ নির্বাচনে জোটগতভাবেই নির্বাচনে অংশ নিয়েছিল ১৪ দলীয় জোট। তবে পরিস্থিতি অনুযায়ী কখনও জোট ও আসন ভাগাভাগি করেছে জাতীয় পার্টি। প্রতি নির্বাচনের আসন ভাগাভাগির কাজ সম্পন্ন করলেও দ্বাদশ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া সম্পন্ন হলেও আসন ভাগাভাগি নিয়ে কোনো বৈঠক হয়নি জোট সঙ্গীদের মাঝে। এরই মাঝে আওয়ামী লীগসহ অন্য শরিকরা সারাদেশেই তাদের প্রার্থী দিয়েছে। শরিকদের মাত্র দুটি আসন ছেড়ে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ২৮৬টি, জাসদ ৯১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩টি, বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭টি, জাতীয় পার্টি (জেপি) ২০টি, বাংলাদেশ সাম্যবাদী দল ৬টি, গণতন্ত্রী পার্টি ১২টি, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১টি, মনোনয়নপত্র জমা দিয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জোটের আসন ভাগাভাগি নিয়ে কোনো সমস্যা হবে না। ১৭ তারিখের আগেই এই আসন ভাগাভাগি সম্পন্ন হবে। এমনকি জাতীয় পার্টির বিষয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও জাতীয় পার্টি কোনো আসন ভাগাভাগির বিষয়ে কথা বলেনি। আশা করব তারা নিজ শক্তিতে নির্বাচন করবে।
এদিকে ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
এছাড়া ৪ দিনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষ হচ্ছে আজ, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি শুরু হবে আগামি ৬ ডিসেম্বর থেকে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর এবং একই দিন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করা যাবে। প্রচারণার শেষ সময় জানুয়ারির ৫ তারিখ বলে জানায় ইসি।
Leave a Reply