গাজীপুরের শ্রীপুর উপজেলায় বৈদ্যুতিক তারে জড়ানো এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান ওই যুবক।
আজ বৃহস্পতিবার সকালের দিকে উজিলাব গ্রামের উত্তরপাড়া নতুন ইটখলার রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে ওই যুবকের তারে জড়ানো মরদেহ উদ্ধার করা হয়। ওই যুবকের নাম হৃদয় (৩৫)। তিনি পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের নইমুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বৃষ্টি চলাকালে লোডশেডিং হয়। এই সুযোগে ট্রান্সফরমার চুরির চেষ্টা করে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে, হঠাৎ বিদ্যুৎ চলে এলে বিদ্যুতায়িত হয়ে খুঁটির নিচে পড়ে যান ওই যুবক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Leave a Reply