গাজীপুরের কালিয়াকৈরে একজন নির্বাহী ম্যজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনার প্রস্তুতি নিতে একটি ফ্ল্যাট বাসার সামনে অপেক্ষা করার সময় ফ্ল্যাটের উপর থেকে ছুড়ে ফেলা ২০ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত দেবর ও ভাবিসহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার এলাকায়।
গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার ব্রাক্ষণ বয়ড়া গ্রামের হবিবুর রহমানের ছেলে মানিক হোসেন (২৫) ও তার ভাবি সুমাইয়া রহমান ওরফে স্বর্ণা (২৩) ও শাহজাদ হোসেন (২৮)।শাহজাদের বাড়ী কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায়।

কালিয়াকৈর থানার অফির্সাস ইনচার্জ মো. আকবর আলী খান জানান, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় তিতাসের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে উচ্ছেদ অভিযান চালায় কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ‘র নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত। এসময়ে তিতাসের কর্মকর্তা ও পুলিশ সদস্যরাও সেখানে ছিলেন। ভ্রাম্যমাণ আদালত সফিপুর বাজার এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নামের ওষুধ কারখানার উল্টোপাশে আপন নিবাস নামের একটি ফ্ল্যাট বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছিলেন। এসময় সেখানে ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা অপেক্ষা করছিলেন। ঠিক তখনি আপন নিবাসের তৃতীয় তলা থেকে একটি ব্যাগ নিচে পড়ে। পরে উপস্থিত পুলিশ ওই ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভিতর থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। ধারণা করা হয়, মাদক কারবারিরা পুলিশ-ম্যজিস্ট্রেটের উপস্থিতি দেখতে পেয়ে ভয়ে ইয়াবা ভর্তি ব্যাগটি নীচে ফেলে দেয়। পরে পুলিশ ওই ফ্লাটে তল্লাশী চালিয়ে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার এবং মাদক ব্যবসার সাথে জড়িত মানিক হোসেন ও তার ভাবি সুমাইয়া রহমান ওরফে স্বর্ণাকে গ্রেফতার করে। সুমাইয়া স্বামী আলিফ হোসেন পলাতক রয়েছে।

তিনি আরো জানান, গত তিন মাস ধরে তারা ওই বাড়ির একটি ফ্লাটে ভাড়া থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতার ও পলাতক আসামীর বিরুদ্ধে বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা রয়েছে।
থানার অফির্সাস ইনচার্জ আরো জানান, গ্রেফতারকৃতদের দেয়া তথ্য অনুযায়ী শাহজাদ হোসেন নামে আরো একজনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তার বাড়ী কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকায়।
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য গুহ জানান, তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানে ২০ টি রাইজার ও ২৫০ টি চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সেখানে ৬ জন অবৈধ গ্রাহককে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযান করার সময় মাদকসহ দুই জনকে আটক করে পুলিশের সোপর্দ করা হয়েছে।
Leave a Reply