গাজীপুর মহানগরীর পূবাইলের মাজুখান এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল জাবের হিমেল (২০) এর মৃত্যু হয়েছে। এ সময় সাব্বির (২০) আহত হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) রাত সোয়া ৯টায় গাজীপুরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ আল জাবের হিমেল গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে মাইলস্টোন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। আহতের নাম সাব্বির একই এলাকার আরমান হোসেনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, রাত সোয়া ৯টায় মাজুখান এলাকার ময়লা পট্টির সামনে মোটরসাইকেলটি একটি ট্রাককে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অপর ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলমুন ক্যাথারসিস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজধানী ঢাকার জাতীয় পঙ্গু হাসপাতাল প্রেরণ করেন। পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে হিমেল মারা যায়। আহত অপর আরোহীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে পরিবার সূত্রে জানা গেছে।
পূবাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম জানান ‘রাতে মাজুখান এলাকায় একটি সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত অবস্থায় মোটরসাইকেল চালককে হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’আহত যুবকের চিকিৎসা চলছে।
Leave a Reply