গাজীপুরের কাপাসিয়ায় সৌদি আরব প্রবাসী মোবারক হোসেনকে (৪৫) ছুরিকাঘাতে খুনের অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বাড়ী গ্রামের নূরুল ইসলামের ছেলে। শনিবার (১২ নভেম্বর) সকাল পৌণে আটটার দিকে হত্যাকান্ডটি ঘটে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
আহতারা হলেন মোবারক হোসেনের স্ত্রী রিনী আক্তার, বোন খালেদা আক্তার, রাজিয়া ও অপর তিনজন।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান আহমেদ নিহতের পরিবারের সদস্য, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর বরাত দিয়ে জানান, মোবারক হোসেন গত প্রায় ১০ দিন আগে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি আসেন। বাড়ি ফেরার কয়েকদিন পর বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী লতু মিয়া ও তার ছেলেদের সাথে মোবারক হোসেনের বাগবিতন্ডা হয়। শনিবার সকালে প্রতিবেশীরা একই ঘটনার জেরে তাকে বাড়ি থেকে ডেকে এনে বাগবিতন্ডায় জড়িয়ে যায়।নিহতের স্ত্রী আহত রিনী আক্তার জানান, ঘটনার সময় প্রতিবেশী লতু মিয়ার ছেলে হাদিউল ইসলাম, রফিকুল ইসলাম, লতু মিয়া এবং তাদের কমপক্ষে ৮ জন সহযোগী দেশীয় অস্ত্রেসস্ত্রে তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় তারা তার স্বামী মোবারক হোসেনকে ঘর থেকে ডেকে নিয়ে বুকে ছুরিকাঘাতে আহত করে। তাদেরকে বাধা দিলে তাদের আরও কমপক্ষে ৬ স্বজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তাদের ডাক চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসা সহকারী জাহাঙ্গীর আলম জানান, মোবারক হোসেন নামে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। অপর তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। নিহতের বুকে ধারালো বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান আহমেদ জানান, সুরতহাল প্রস্তুত করা হচ্ছে। নিহতের বুকে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে।
Leave a Reply