গাজীপুরের ধীরাশ্রম রেল স্টেশনের সিগন্যাল পয়েন্টে দিনাজপুরগামী দ্রুতযান এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে প্রায় ১২ ঘন্টা পর আবারো ট্রেন চলাচল শুরু হয়েছে।
রোববার রাত ৯টার দিকে গাজীপুরের ধীরাশ্রম স্টেশনের আউটার সিগন্যাল অতিক্রম হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল প্রায় ১২ ঘন্টা বন্ধ ছিলো বলে জানা গেছে। সোমবার সকাল প্রায় ৯ টায় পুনরায় এ রোডে ট্রেন চলাচল শুরু হয়েছে।
দুর্ঘটনায় অন্তত ৭জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারী গাজীপুর ও ঢাকা-ট্রেন প্যাসেঞ্জার ফোরামের (এসআরটি) স্বেচ্ছাসেবকরা। আহতদের মধ্যে রাজ্জাক, জাকিয়া সুলতানা, নিপুন ও বিথীকে চিকিৎসা দেয়া হয়েছে।
এসআরটির কর্মকর্তা মাসুম আহম্মেদ জানান, দুর্ঘটনাকবলিত ৬ নম্বর বগিতে ছিলেন আব্দুর রাজ্জাক ও নিপুন নামের তাদের দুইজন কর্মী। ওই বগিটি লাইচ্যুত হয়ে উল্টে লাইনের নিচে পড়ে যায়। এতে তারা দুজনই গুরতর আহত হন।
ট্র্রেনে থাকা অপর এক যাত্রী সিরাজুল বলেন, রাত ৯টার দিকে ট্রেনটি গাজীপুরের ধীরাশ্রম স্টেশন ত্যাগ করার সময় মাঝখান থেকে ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। ট্রেনটির ৫, ৬ ও ৭ নম্বর বগি লাইনচ্যুত হয়। ৬ নম্বর বগিটি রেললাইন থেকে উল্টে পাশে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে রেল পুলিশ, সদর মেট্রো থানার পুলিশ ও জয়দেবপুুর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং রাত ১১ টায় উদ্ধার কাজ শুরু করেন। এতে ৭ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
জয়দেবপুর জংশনের স্টেশন মাস্টার মো. রেজাউল ইসলাম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় অভিমুখী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি ধীরাশ্রম স্টেশনের উত্তরপাশে লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর ট্রেনটি উদ্ধারের জন্য ঢাকায় উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেওয়া হলে তারা এসে রাত ১১ টা থেকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শুরু করেন এবং প্রায় ১২ ঘন্টা পর সোমবার সকাল ৯ টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
অপরদিকে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি জয়দেবপুর স্টেশনে এসে আটকা পড়েছিলো। পরে ওই ট্রেনের যাত্রীরা বাসে ও বিকল্প উপায়ে ঢাকার দিকে চলে যান। উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
Leave a Reply