ইথিওপিয়ার তাইগ্রে অঞ্চলের একটি ব্যস্ততম এলাকায় বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেসের খবরে বলা হয়েছে, দেশটির তাইগ্রে অঞ্চলের তোগোগা গ্রামে মঙ্গলবার (২২ জুন) এ হামলার ঘটনা ঘটে।
এ হামলায় ওই এলাকার শতাধিক মানুষ আহত হয়েছেন এবং নিখোঁজ রয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে অর্ধশতাধিকের অবস্থা গুরুতর। স্বাস্থ্যকর্মীদের অভিযোগ, সেনাবাহিনীর সদস্যরা মেডিকেল টিমকে ঘটনাস্থলে যেতে দিচ্ছে না।
আহতদের তাইগ্রের প্রাদেশিক রাজধানী মেকেলের আয়দার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসক ও নার্সদের বরাত দিয়ে খবরে বলা হয়, বিমান থেকে তোগোগার ব্যস্ততম বাজার এলাকায় বোমা ফেলা হয়।
সামরিক বাহিনী এবং ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর মুখপাত্র বিলেন সেউম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
সরকার গত বছরের নভেম্বরে তিগ্মরে অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার আগ পর্যন্ত ওই অঞ্চল ছিল তিগ্মরে পিপিলস লিবারেশন ফ্রন্টের (টিপিএলএফ) শাসনাধীন। সরকার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সংঘাতে ওই এলাকায় হাজার হাজার মানুষের প্রাণ গেছে। ঘর ছাড়তে বাধ্য হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ।
Leave a Reply