পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে অতর্কিত হামলার ঘটনায় ১১ পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। ওই হামলায় আরও চারজন নিখোঁজ রয়েছেন। দেশটির সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে পুলিশের একটি ইউনিটের ওপর অতর্কিত হামলা চালানো হয়। নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ওউসেইনি কম্পাউরে জানিয়েছেন,ইরগৌ শহরে ত্রাণ কার্যক্রমের সময় ওই কর্মকর্তাদের ওপর হামলা চালানো হয়। ওই শহরে এর আগেও সহিংসতার ঘটনা ঘটেছে।নিখোঁজদের খোঁজে গতকাল থেকে যৌথভাবে তল্লাশ ও উদ্ধার অভিযান চলছে। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।এর আগে গত মে মাসে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। বিদ্রোহীরা হামলার সময় গ্রামের বাড়ি-ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। সে সময় পালানোর চেষ্টা করা লোকজনকে এলোপাতাড়ি গুলি করা হয়।বিদ্রোহীরা পুরো গ্রাম ঘিরে রাখে এবং লোকজনকে হত্যা করতে বাড়ি বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দেয়। সন্ত্রাসীরা বেছে বেছে সরকারি কর্মকর্তা এবং নিরাপত্তা সদস্যদের ওপরই হামলা চালিয়ে থাকে।দেশটিতে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এ ছাড়া আরও ১০ লাখের বেশি মানুষ নিজেদের ঘর-বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।
খবর বিবিসি
Leave a Reply