ক্যানসার নিয়ে দীর্ঘদিন শয্যাশায়ী ছিলেন অভিনেত্রী মণীষা কৈরালা। জীবনের কঠিন সময় ও কষ্টের দিনের কথা মনে করলেন তিনি। রবিবার (৭ নভেম্বর) ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে মণীষা জানান কেমন ছিল সেই সময়।২০১২ সালে ওভারিয়ান ক্যানসারে আক্রান্ত হন মণীষা। তারপর দীর্ঘ চিকিৎসা। কেমো থেরাপির পরও নিজেকে একবিন্দু ভেঙে যেতে দেননি তিনি। মনের জোর ছিল সাংঘাতিক। ছবি শেয়ার করেই জানান কেমন ছিল তখন পরিস্থিতি। নাকে মুখে নল, কোঁচকানো চামড়া, মাথায় চুল নেই, তারপরেও মুখে অমলিন হাসি আর দৃঢ়তা বিদ্যমান। ওষুধ পথ্য এবং থেরাপির দুনিয়ায় নিজেকে আষ্টেপিষ্টে বেঁধে ফেলেন তিনি। ২০১৩ সালে ক্যানসারকে হারিয়ে জীবনকে জয় করেই ফিরে আসেন।
মণীষা বলেন, ‘যারা এ চিকিৎসা এবং কঠিন যাত্রার মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের সবার উদ্দেশে অনেক ভালোবাসা এবং সাফল্য কামনা করতে চাই। জানি এ যাত্রা কঠিন, কিন্তু আপনি তার থেকেও কঠিন। যারা এ যাত্রাপথে আত্মসমর্পণ করেছেন তাদের শ্রদ্ধা এবং যারা যুদ্ধকে জয় করেছেন তাদের সঙ্গে জীবনের মুহূর্ত উদযাপন করতে চাই।’সঙ্গে আশার আলো দেখিয়ে অনুরোধ করেন অনুরাগীদের। বারবার বলেন, সচেতনতা ছড়িয়ে দিতে হবে। যারা ক্যানসারে আক্রান্ত, তাদের উদ্দেশে আশায় ভরা গল্প শোনাতে হবে, তাদের মনের দিক থেকে শক্ত হতে শেখাতে হবে। নিজেরাও ভেঙে পড়বেন না, তাদেরও স্টেডি রাখতে হবে। বিশ্বের সব মানবের প্রতি সদয় হতে হবে। এমনকি সবার সুস্থতা এবং মঙ্গল কামনাও করেন তিনি।
Leave a Reply