রাজধানীর ফার্মগেটে শুক্রবার রাতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় মারা গেছেন ক্রিকেটার শহীদুল ইসলাম (নীরব)। তিনি কলাবাগান ক্রীড়াচক্রের প্রথম বিভাগের ক্রিকেটার ছিলেন। এ ঘটনায় তার বন্ধু আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে।শুক্রবার (২৭ আগস্ট) রাতে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কাওরান বাজার থেকে ফার্মগেটের দিতে যাচ্ছিলেন নীরব। মোটরসাইকেলটি ডেইলি স্টার ভবনের সামনে এলে পাশ থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে নীরব ও তার বন্ধু নবীন পড়ে যান। বাসের একটি চাকা নীরবের উপর দিয়ে যায়। দুজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে নীরবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের ভাই সাগর খান গণমাধ্যমে বলেন, বিভিন্ন ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খেলতেন নীরব। তাদের বাসা কেরানীগঞ্জের আটিবাজারে। ফার্মগেটে ব্যক্তিগত কাজ সারতে বন্ধু নবীকে নিয়ে আসছিল নীরব। কাজ শেষে বাড়িতে ফেরার কথা ছিল। এরইমধ্যে এ ঘটনা ঘটে।এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক বাসটি আটক করলেও এর চালক পালিয়ে যায়। তবে তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply