শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :

রূপকথার বিশ্বকাপে ফেভারিটদের বিদায়ের মিছিল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৩ বার

ফুটবল বিশ্বকাপ কত রঙ ছড়াচ্ছে। কত উত্তেজনার পারদ উড়াচ্ছে। সীমাহীন উৎসবে কত ঢং দেখাচ্ছে। মাঠের সবুজ ঘাসে কিংবা গ্যালারির উল্লাস ট্রাইওন্ডা বলের কারুকার্যে বিশ্বকাপের ফুলে ছড়াচ্ছে সুবাস। দিন যত যাচ্ছে সেই সুবাস তত গাঢ় হচ্ছে। কাঁটা বিছানো পথ পেরিয়ে সেই সুবাস গায়ে মাখিয়ে কেউ পাচ্ছে প্রত্যাশিত ফল। আবার কেউ কেউ সেই কন্টকাকীর্ণ পথ পেরোতে পারে না।
রঙ ছড়ানো বিশ্বকাপে ফেভারিটরা ঝরে পড়ছে। আর কখনো কখনো শোনা যাচ্ছে হৃদয়ভাঙার আর্তনাদ। বিশ্বকাপের আগের থেকেই শুরু করা যাক। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি ৪৮ দলের বিশ্বকাপেও খেলতে পারে না! বাছাই পর্ব পেরোতে না পেরে টানা দ্বিতীয়বার তাদের বিশ্বকাপে জায়গা হয় না।
এরপর দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০৩০ বিশ্বকাপের সহ আয়োজক উরুগুয়ে বাদ পড়ে যায় গ্রুপ পর্ব থেকে। যা এবারের আসরে গ্রুপ পর্বের সবচেয়ে বড় অঘটনই বটে!
৪৮ দল থেকে দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ৩২ দল। ফেভারিট দল তো আছেই, চমক দেখানো একাধিক দল চলে যায় বত্রিশে। কিন্তু রাউন্ড অব ৩২-এ বড়সর ধাক্কা খায় চারবারের আরেক চ্যাম্পিয়ন জার্মানি এবং তিনবার ফাইনাল খেলা নেদারল্যান্ডস। জামার্নি শেষ দুই বিশ্বকাপেই সুপার ফ্লপ। সেই ধারাবাহিকতা ছিল এবারও। ২০১৮ ও ২০২২ সালে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে জার্মানি। এবার রাউন্ড অব ৩২-এ। প্যারাগুয়ে তাদের হারিয়ে দেয় পেনাল্টিতে।
আর নেদারল্যান্ডস ১৯৭৪, ১৯৭৮ এবং ২০১০ বিশ্বকাপের ফাইনালিস্ট। তিনবার ফাইনাল খেলে একবারও ডাচরা বিশ্বকাপ জিততে পারেনি। এবার মরক্কোর বিপক্ষে পেনাল্টিতে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয়ে যায় প্রি কোয়ার্টারের আগেই। উরুগুয়ে, জার্মানি, নেদারল্যান্ডসের সঙ্গে ইউরোপের আরেক দল সুইডেনও পারেনি শেষ ষোলোর টিকিট পেতে। তাদের বাদ পড়া অনেকটাই পারফরম্যান্সের ওপর।
কিন্তু এর বাইরে একাধিক দল আছে যারা বাদ পড়ে হৃদয় জিতে নিয়েছে। গতকাল রাতে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর ম্যাচটির কথা চিন্তা করুন! থ্রি লায়ন্স শিবিরে কাঁপন ধরিয়ে মধ্য আফ্রিকার দেশ ডিআর কঙ্গো ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত যেভাবে খেলেছে তাতে জয়ের মালা তাদেরই প্রাপ্য। কিন্তু সব হিসেব নিকেশ পাল্টে যায় শেষের ১৫ মিনিটে। ইংল্যান্ড হ্যারি কেইনের পিঠে চড়ে কোনোমতে রক্ষা পায়। তাতে হৃদয় চুরমার হয়ে যায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা ডিআর কঙ্গোর।
তাদের আর্তনাদ শেষ না হতে হতেই সেনেগালের আকাশ ভেঙে পড়ে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচে। ম্যাচের এক্সট্রা টাইমে রেফারির বিতর্কিত সিদ্ধান্তে ২-২ সমতায় থাকা ম্যাচে পেনাল্টি পায় বেলজিয়াম। সফল স্পটকিকে ডি ব্রুইনারা নিজেদের নিয়ে যান শেষ ষোলোয়। আর চোখে জল নিয়ে সাদিও মানেরা ছেড়ে যান স্টেডিয়াম।
উত্তর আমেরিকার দেশ- মেক্সিকো, যুক্তরাষ্ট্র, ও কানাডা জায়গা করে নিয়েছে শেষ ষোলোয়। সেখানে তাদের সঙ্গী প্যারাগুয়ে। আলজেরিয়া, মিশর, ঘানার মতো দেশগুলোর সামনে হাতছানি শেষ ষোলোয় যাওয়ার।
মেসি, রোনালদো, নেইমার, ভিনিসিয়ুস, এমবাপ্পে, ইয়ামালরা এখনও বিশ্বকাপে টিকে আছেন। তাদের টিকে থাকাতেই নতুন নতুন স্বপ্ন দেখা শুরু করেছেন সমর্থকরা। কার স্বপ্ন পূরণ হয় সেটাই দেখার অপেক্ষা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories