টঙ্গীতে দ্রুতগতির কাভার্ড ভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন। রোববার বিকালে টঙ্গী উড়াল সড়কের স্টেশন রোড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার বাদাম মাছিয়া এলাকার বাসিন্দা আয়েশা খাতুন, তার ছেলে ইয়াছিন ও পুত্রবধূ আরজিনা গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। তারা আলম এশিয়া পরিবহনের একটি বাসে টঙ্গী স্টেশন রোড এলাকায় নামেন।
বাস থেকে নামার পর তিন জনই সড়কের পাশের ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এর কিছুক্ষণ পর দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে তাদের চাপা দেয়। এতে তারা তিনজনই গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মা আয়েশা খাতুন। গুরুতর আহত আরজিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে থাকা নিহতদের স্বজন মো. চান মিয়া জানান, গ্রামের বাড়ির বিয়ের অনুষ্ঠান শেষে তারা টঙ্গীর বাসায় ফিরছিলেন। স্টেশন রোডে বাস থেকে নামার পর ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগতির কাভার্ড ভ্যানটি তাদের চাপা দেয়।
এদিকে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় পুলিশ ধাওয়া করে কাভার্ড ভ্যানটি ও এর চালককে আটক করে হেফাজতে নেয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply