সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল, সলঙ্গা ও পাঁচলিয়া এলাকার বিভিন্ন হাইওয়ে রেস্টুরেন্ট, দই-মিষ্টি ও বেকারি কারখানায় যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১৫ জুলাই) বেলা ১২টার দিকে পরিচালিত এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশ ও খাবারে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহারের দায়ে ৪টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে হাইওয়ে রেস্টুরেন্ট রয়্যাল রুপালি’র দই-মিষ্টির কারখানায় অভিযান চালানো হয়। সেখানে দই-মিষ্টি তৈরিতে নিষিদ্ধ ক্ষতিকর রাসায়নিকের ব্যবহার এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশসহ বিভিন্ন অনিয়ম পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে কারখানার মালিক মো. আল আমিনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সাথে ভবিষ্যতে কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার না করার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এদিকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জের সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে হাটিকুমরুল এলাকায় আরও তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। দইয়ের মোড়কে লেবেল না থাকা এবং নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অপরাধে ফুড সিটি ইন হাইওয়ে রেস্টুরেন্ট এর ম্যানেজার মো. আল আমিনকে ১০ হাজার টাকা, নূর বেকারি-র মালিক মো. আতিকুর ইসলামকে ৫ হাজার টাকা এবং ফামস হাইওয়ে রেস্টুরেন্ট-এর মালিক গোলাম মোস্তফাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই এলাকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করেন।
অভিযান চলাকালে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সদস্য এবং র্যাব ও ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রশাসন ও ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এই ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply