গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, দুটি রামদা, একটি লোহার পাইপ ও একটি চাকু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৩ জুলাই) ভোর আনুমানিক ৩টা ২০ মিনিটে টঙ্গী পশ্চিম থানাধীন আরিচপুর এলাকার সড়ক ও জনপদ (সওজ) অফিসের সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন এসআই মোজাম্মেল হক, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন-মো. জুয়েল (৩০), মো. বাতেন মিয়া (৩৫), মো. আজাহার (২৬), মো. সুমন (২৫) ও মো. শাকিল (২৮)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের কাছ থেকে উদ্ধার করা অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবারই পাঁচ আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমান জানায়, অস্ত্রসহ দুর্ধর্ষ ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেপ্তার করে অস্ত্র ও ছিনতাই মামলায় তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ওসি বলেন ছিনতাই, সন্ত্রাস ও অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply