জামায়াতে ইসলামীর ‘ছায়া মন্ত্রিসভা’ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমরা একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেছি। এর সাংবিধানিক মর্যাদা না থাকলেও সারাবিশ্বে আছে। সময় হলেই এটি প্রকাশ করবো। বুধবার (১ জুলাই) জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, গান বাজনার সংসদ নয়, দায়িত্বশীল সংসদ হিসেবে দেখতে চাই। জনগণের সমস্যা ও সমাধান নিয়ে কথা বলতে হবে। একটা স্থিতিশীল সংসদ প্রয়োজন। আমরা সেই দায়িত্বই পালন করছি।
তিনি বলেন, সরকার গণভোট না মানায় জাতীয় জীবনে সংকট তৈরি হয়েছে। গণভোট আমরা চেয়েছি, বিএনপিও চেয়েছে। নিয়ম মেনে আমরা সংস্কার পরিষদের শপথ নিয়েছি। কিন্তু বিএনপি তা নেয়নি। বিএনপি বলছে, সংবিধানে না থাকায় তারা সংস্কার পরিষদের শপথ নেননি। সংবিধানে তো ড. ইউনূসের সরকারও ছিল না। তাদের আয়োজন করা নির্বাচনেই তো বিএনপি আজকে ক্ষমতায়।
ডা. শফিকুর রহমান বলেন, প্রায় ৭০ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ দিয়েছে। বিএনপি তাদের ভোটকে অগ্রাহ্য ও অপমান করেছে। আমরা সংসদে বিষয়টি উঠিয়েছিলাম। কিন্তু সংসদ এমন ডিজাইনে সাজানো হয়েছে যে, আমাদের পর্যাপ্ত সময় দেয়া হয়নি। বৈষম্যের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। অথচ সংসদে বিরোধী দল বৈষম্যের শিকার হচ্ছে। তবে জনগণকে দেয়া ওয়াদা থেকে জামায়াত সরে যায়নি। আমরা রাজপথে নেমেছি। আমরা বিশ্বাস করতে চাই, সরকারি দল এই জনরায় মেনে নেবে।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সরকারি দল অনেক অধ্যাদেশ বাতিল করে দিয়েছে। জনগণ সংস্কারের ম্যান্ডেট দিয়েছে, সংশোধনের নয়। তবে আলাপ আলোচনা চলছে। আশা করি, এই সংস্কারগুলো সুস্থ রাজনৈতিক ধারা ফিরিয়ে আনতে পারবে। তা না হলে আবারও বিপদে পড়বে দেশ।
Leave a Reply