ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে আজ দর্শক গ্যালারিতে উপস্থিত রয়েছেন সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তার সঙ্গে গ্যালারিতে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবারের সদস্যবৃন্দ।
বৃহস্পতিবার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) এবং বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিতে দেখা যায়, গ্যালারিতে অধ্যাপক ইউনূসের পাশেই বসেছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তাদের মেয়ে জাইমা রহমান। তাঁদের সাথে আরও ছিলেন বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান।
অধিবেশন চলাকালে তারা গ্যালারিতে অবস্থান করেন এবং সংসদীয় কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এর আগে সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছে। সংসদ কক্ষে স্পিকারের আসন ফাঁকা রেখে আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্যদিয়ে অধিবেশন শুরু হয়।
সাধারণত বিদায়ী সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারের সভাপতিত্বে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন হয় তার সভাপতিত্বে। তবে এবার এর ব্যতিক্রম হচ্ছে।
Leave a Reply