জুলাইয়ের চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শনিবার (৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘আত্ম অনুসন্ধান’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শারমীন এস মুরশিদ বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনকল্যাণমূলক সেবা তৃণমূল পর্যায়ের অবহেলিত ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর দরজায় পৌঁছে দিতে হবে। তবেই মন্ত্রণালয়ের সুনাম ছড়িয়ে পড়বে।
সুশাসনই আমাদের লক্ষ্য, এ লক্ষ্যে গত দেড় বছর আগে মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তন করে সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম উল্লেখ করে তিনি বলেন, দায়িত্ব পাওয়ার পর প্রকৃত ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করতে অনেক সময় লেগেছে। প্রকৃত ভাতাভোগীর কাছে ভাতা প্রাপ্তির এতদিন যে ত্রুটি ছিল তা সংশোধন করতে সময় লেগেছে।
সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, এত দিনের অনিয়ম এই সময়ের মধ্যে পুরোপুরি যাচাই-বাছায়ের তালিকা শেষ করতে পারিনি, তবে শুরু করতে পেরেছি এবং ভাতাভোগীর তালিকা ৮০ ভাগ শেষ করতে পেরেছি। তারা নিয়মিত ভাতা পাচ্ছেন। এতিমখানাগুলোর এতিম বাচ্চাদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নিতে হবে। তাহলে সুষ্ঠুভাবে পর্যায়ক্রমে এতিমখানার ক্যাপিটেশন গ্রান্ড পৌঁছে দিতে পারব।
প্রসঙ্গত, প্রতিবছর ২ জানুয়ারি জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত ৩ দিনের রাষ্ট্রীয় শোকের প্রতি শ্রদ্ধা জানিয়ে ২ জানুয়ারির পরিবর্তে আজ ৩ জানুয়ারি (শনিবার) বর্ণাঢ্য ও ভাবগম্ভীর পরিবেশে ‘জাতীয় সমাজসেবা দিবস ২০২৬’ উদযাপিত হয়। সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয়সহ দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়; আস্থা আজ সমাজসেবায়’।
Leave a Reply