ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন ওসমান হাদির ভাই আবু বকর সিদ্দীক, বোন মাসুমা এবং ইনকিলাব মঞ্চের তিন নেতা- আব্দুল্লাহ আল জাবের, ফাতিমা তাসনিম জুমা ও মো. বোরহান উদ্দিন।
সাক্ষাতে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। তিনি বলেন, সারাদেশ তার জন্য দোয়া করছে। তার শারীরিক অবস্থা বিবেচনায় প্রয়োজনে দেশের বাইরে চিকিৎসার ব্যবস্থা করা হবে। যেখানে পাঠানো দরকার হবে, সরকার সেখানেই চিকিৎসার ব্যবস্থা করবে।
এ সময় ওসমান হাদির বোন মাসুমা আবেগঘন কণ্ঠে বলেন, ছোটবেলা থেকেই হাদি দেশকে মনেপ্রাণে ভালোবাসত। সে ছিল বিপ্লবী মানসিকতার। বিদ্রোহী কবিতা ছিল তার প্রিয়। তার একটি ১০ মাসের সন্তান আছে। হাদি আমাদের পরিবারের মেরুদণ্ড। ওর অনেক কাজ বাকি, ওকে বেঁচে থাকতে হবে। আপনারা বিপ্লবী সরকার-যে করেই হোক জুলাই বিপ্লবীদের বাঁচিয়ে রাখতে হবে, না হলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে।
ইনকিলাব মঞ্চের নেতা আব্দুল্লাহ আল জাবের দ্রুত হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, ৫ আগস্টের পর অনেকে বাসায় ফিরে গেলেও ওসমান হাদি ফিরে যায়নি। সে জুলাই বিপ্লবকে ধারণ করত এবং দিনরাত এর জন্য কাজ করত। যে ব্যক্তি গুলি করেছে, সে একটি মামলায় আগে গ্রেপ্তার হয়েছিল কীভাবে সে জামিন পেল, তা তদন্ত করা জরুরি।
জুলাই যোদ্ধাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান ইনকিলাব মঞ্চের আরেক নেতা ফাতিমা তাসনিম জুমা।
এ ধরনের নৃশংস হামলার সঙ্গে জড়িতদের পুরো চক্র চিহ্নিত করে বিচারের আওতায় আনার আশ্বাস দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে। ঘটনার আদ্যপান্ত বিশ্লেষণ করে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ ইতোমধ্যে দেয়া হয়েছে।
সাক্ষাতে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।
Leave a Reply