গাজীপুরের কোনাবাড়ি, কালিয়াকৈর ও শ্রীপুরে এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি জুট গোডাউন সহ শতাধিক ঘর পুড়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে মহানগরী কোনাবাড়ি আমরা পূর্বপাড়া এলাকায় পলাশ মিয়ার ঝুট গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এছাড়া কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় সুজন ও মামুনের কোলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকাল আটটার দিকে কলোনির একটি ঘরে আগুন দেখতে পান স্থানীয়রা। প্রথমে এলাকাবাসী আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে কালিয়াকৈর ও ইপিজেড থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কলোনীর প্রায় শতাধিক ঘর পুড়ে ছাই।
অন্যদিকে জেলার শ্রীপুর উপজেলার বৈরাগীরচালা মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীপুর থেকে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভায়। এ ঘটনায় কৃষকের দুইটি ঘর পুড়ে ছাই হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, গাজীপুরে পৃথক তিনটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এসব আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
Leave a Reply