গাজীপুরের টঙ্গী উপজেলার মিরেরবাজার এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক পরিবারে স্বামী-স্ত্রী গুরুতর দগ্ধ হন এবং তাদের চার মাসের শিশুর ঘটনাস্থলেই মৃত্যু হয়। রোববার (৩ আগস্ট) আনুমানিক ভোর ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।
দগ্ধ রিপনের বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার চারিয়া বাজার গ্রামে। বর্তমানে তিনি টঙ্গী এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তিনি স্থানীয় গাজী গ্রুপে কর্মরত ছিলেন।
রিপনের চাচাতো ভাই রাসেল বলেন, ‘রান্নাঘরে চুলা জ্বালানোর পরপরই বিস্ফোরণ ঘটে। আমরা ধারণা করছি ঘরে জমে থাকা গ্যাসই এই দুর্ঘটনার কারণ। ঘটনার সময় ঘরের দরজা-জানালা বন্ধ ছিল। বিস্ফোরণের পর গুরুতর দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইন্সটিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, রিপনের শরীরের ৮০ শতাংশ এবং তার স্ত্রীর শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক, তাই আইসিইউতে রাখা হয়েছে। শিশু রায়হানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
Leave a Reply