কাপাসিয়ার পাঁচুয়া গ্রামের শাপলা বিলে ডিঙি নৌকা উল্টে পানিতে ডুবে দুই বন্ধুর করুণ মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৮টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের মাহিন (১৬) ও বায়েজিদ (৩৫)।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পাঁচ বন্ধু মিলে শাপলা ফুল তুলতে শাপলা বিলে যান। তারা একটি ডিঙি নৌকা ভাড়া করে পানিতে নামেন। একপর্যায়ে নৌকাটি ভারসাম্য হারিয়ে কাত হয়ে যায় এবং মাহিন ও বায়েজিদ পানিতে পড়ে তলিয়ে যান।
স্থানীয়রা দ্রুত উদ্ধার অভিযান চালায়। ঘটনাস্থলেই এক বন্ধুর মৃত্যু হয়, আরেকজনকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মাহিনের বড় ভাই মামুন জানান, খবর পেয়ে ছুটে এসে দেখি আমার ভাই আর নেই। তার সঙ্গে থাকা আরেকজনও মারা গেছেন।এই কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সামিয়া বলেন, রোগীকে আনার আগেই তিনি মারা গিয়েছিলেন।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ঘটনাস্থল থেকে মাহিনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ দুটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ ছাবেল আলী জানান, বায়েজিদের মরদেহ আমি ঘটনাস্থল থেকে উদ্ধার করেছি।
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। পরিবারে নেমে এসেছে হৃদয়বিদারক বেদনার ভার।
Leave a Reply