সোমবার, ১১ মে ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

কাপাসিয়ায় যুবকের ছুরিকাঘাতে স্কুল দপ্তরি নিহত

গাজীপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ৪৮ বার

গাজীপুরের কাপাসিয়ায় মাদকাসক্ত যুবক আসাদুল্লাহর ছুরিকাঘাতে প্রতিবেশী আরিফুল ইসলাম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার বারিষাব ইউনিয়নের কির্ত্তুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আরিফুল ওই গ্রামের মৃত আব্দুল মালেক ভূঁইয়ার ছেলে এবং কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক (দপ্তরি) পদে কর্মরত ছিলেন। আর ঘাতক আসাদুল্লাহ একই গ্রামের মৃত ফাইজুদ্দিন ফকিরের ছেলে।
কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দোকানি প্রত্যক্ষদর্শী মো. হিরণ মিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আরিফুল তার দোকানে এসে বসেছিলেন। কিছুক্ষণ পরে আসাদুল্লাহ এসে পেছন দিক থেকে ধারালো ছুরি পিঠে ঢুকিয়ে দিয়ে দৌড়ে চলে যায়। এ সময় আরিফুল চিৎকার দিয়ে ছুরিটি বের করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উত্তেজিত জনগণ বাড়িতে হামলা চালিয়ে আসাদুল্লাহকে আটক করে ওই বিদ্যালয়ের সামনে এনে বেঁধে রেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বারিষাব ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য মো. সুলতানউদ্দিন জানান, আসাদুল্লাহ স্থানীয় বীরউজুলী ও টোক বাজার থেকে কিশোরগঞ্জ সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করত। সে মাদকাসক্ত হওয়ায় এলাকায় লোকজনের সঙ্গে তেমন ভালো সম্পর্ক ছিল না। তবে আরিফুল এলাকার মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াত বলে সবার সঙ্গেই তার ভালো সম্পর্ক ছিল। দুজনের মাঝে তেমন কোনো দ্বন্দ্ব ছিল বলে তার জানা নেই।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, প্রায় দুই বছর আগে আসাদুল্লাহর অটোরিকশায় উঠে আরিফুল ভাড়া দেয়নি বলে দাবি করলে গত শনিবার বিকালে দুজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসাদুল্লাহকে আরিফুল কয়েকটি চড়-থাপ্পড় দেন। সেই ক্ষোভ থেকেই পরের দিন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে আসাদুল্লাহ স্বীকার করেছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories