গাজীপুরের কালিয়াকৈর সদ্য ঘোষিত বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি হেলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক পারভেজ আহমেদকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার (১৫ জুন) রাত ৩টার দিকে কালিয়াকৈর উপজেলার সাহেব বাজার ও হিজলতলীর নিজ নিজ বাসা থেকে তাদের আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
জিজ্ঞাসাবাদের পর সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিনকে আটকের ৪ ঘণ্টা পর স্ত্রীর জিম্মায় ছেড়ে দেয়া হয়। হেলাল উদ্দিনকে ছেড়ে দেয়া হলেও আটক রয়েছে পারভেজ আহমেদ।
হেলাল উদ্দিন জানান, রাত ৩টার দিকে ডিবি ও থানা পুলিশের সদস্যরা তাদের বাসা থেকে ধরে নিয়ে যায়। পরে পুলিশ সুপার তাকে রোববারের সংঘর্ষ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন। এরপর স্ত্রীর জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, রোববার কালিয়াকৈর বাজার এলাকায় আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে হেলাল-পারভেজ গ্রুপের লোকজন নুরুল ইসলাম শিকদার ও আনোয়ার হোসেনের লোকজনের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এতে ১৬ জন আহত হয়। এই ঘটনায় রিপন মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও ২২ জনকে আসামি করে কালিয়াকৈর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেছে। এ ঘটনায় পারভেজকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৪ জুন বিকেলে কালিয়াকৈর উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ত্যাগী নেতাদের বাদ দিয়ে সুবিধাবাদী ও হাইব্রিডদের দিয়ে কমিটি করা হয়েছে এমন অভিযোগ এনে বিক্ষোভ করে তৃণমূলের নেতা-কর্মীরা।
Leave a Reply