সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :

বৃষ্টির পর শীত বাড়বে, চলতি মাসেই শৈত্যপ্রবাহ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪ বার

বঙ্গোপসাগরের কোলে জন্ম নেয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলায় বা বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে রাজধানীসহ সারাদেশে শীত জেঁকে বসতে পারে। আর মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে সারাদেশের পাশাপাশি বুধবার রাজধানী ঢাকাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পরিমাণ সন্ধ্যার পর বেড়ে বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘ডিসেম্বর মাস থেকে শীত শুরু হয়। এখন রাতের তাপমাত্রা ১৪ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। আগামীকাল এই তাপমাত্রা কমে গিয়ে ১৪ থেকে ১৯ বা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে। এছাড়া যদি বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় তবে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়িয়ে দেবে। মিগজাউমের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা কমে যাচ্ছে।’
রাজধানী ঢাকায় বরাবরই তাপমাত্রা বেশি থাকায় এবারও শীত কম অনুভূত হচ্ছে। অন্যদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা বরাবরই কম থাকে। এবার এই তাপমাত্রা কমে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে চলতি মাসের ১০ তারিখের পর তেঁতুলিয়াসহ সারাদেশেই তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
এছাড়াও চলতি মাসের শেষের দিকে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
এদিকে বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রার তারতম্য হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories