সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ঢাকাসহ ১৭ অঞ্চলে ৬০ কি.মি. বেগে ঝোড়ো বৃষ্টি হচ্ছে

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৯ বার

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হচ্ছে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরের কোলে জন্ম নেয়া ঘূর্ণিঝড় ‘মিগজাউম’ নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলায় বা বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। তবে বৃষ্টি কমে গেলে শুক্রবার থেকে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি বলছে, আগামী ১০ ডিসেম্বরের পর থেকে রাজধানীসহ সারাদেশে শীত জেঁকে বসতে পারে। আর মাসের শেষের দিকে একটি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা আছে।
এদিকে নিম্নচাপের প্রভাবে সারাদেশের পাশাপাশি বৃহস্পতিবার রাজধানী ঢাকাতেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির পরিমাণ সন্ধ্যার পর বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, ‘ডিসেম্বর মাস থেকে শীত শুরু হয়। এখন রাতের তাপমাত্রা ১৪ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াস ওঠানামা করছে। আগামীকাল এই তাপমাত্রা কমে গিয়ে ১৪ থেকে ১৯ বা ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করবে। এছাড়া যদি বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যায় তবে তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বাড়িয়ে দেবে। মিগজাউমের প্রভাবে এই বৃষ্টি হচ্ছে এবং তাপমাত্রা কমে যাচ্ছে।
রাজধানী ঢাকায় বরাবরই তাপমাত্রা বেশি থাকায় এবারও শীত কম অনুভূত হচ্ছে। অন্যদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা বরাবরই কম থাকে। এবার এই তাপমাত্রা কমে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। তবে চলতি মাসের ১০ তারিখের পর তেঁতুলিয়াসহ সারাদেশেই তাপমাত্রা কমে শীত জেঁকে বসতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ।
এছাড়াও চলতি মাসের শেষের দিকে দেশে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিতে গঠিত বিশেষজ্ঞ কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়।
এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রার তারতম্য হতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories