দুনিয়া এবং আখেরাতে কীভাবে সুখ শান্তিতে কাটানো যায় ইসলামের সেই সব আমল আখলাক নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে তাবলীগ জামাতের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শীর্ষ মুরুব্বিদের বয়ান। ইজতেমায় ইবাদত বন্দেগিতে মশগুল এখন লাখো মুসল্লি।
শনিবার বাদ ফজর মাওলানা ইব্রাহীম দেওলা ও মাওলানা খুরশিদুল হক রায়বেন্ডের বয়ানের মাধ্যমে শুরু হয় দ্বিতীয় দিনের ইজতেমা। বাদ জোহর বয়ান করবেন ভাই ওমর ফারুক। বাদ আসর মাওলানা জুহারাইল হাসান। বাদ মাগরিব মাওলানা মাওলানা ইব্রাহীম দেওলা। ভাষান্তরে থাকছেন মাওলানা জুবায়ের আহমেদ।
ইজতেমার দ্বিতীয় দিন প্রতি বছরের ন্যায় এবারও ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা। বাদ আসর শীর্ষ মুরুব্বিগণ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। বর-কনের অভিভাবকদের উপস্থিতিতে বিয়ের আসর বসবে। বর বেশে শতাধিক পাত্রের যৌতুকবিহীন বিয়ের আনুষ্ঠানিকতা ইজতেমার একটি বিশেষ আকর্ষণ।
রাজধানী ঢাকার জিরোপয়েন্ট থেকে ২২ কিলোমিটার উত্তরে টঙ্গী তুরাগ নদীর তীরে আয়োজন করা হয়েছে এ বিশ্ব ইজতেমার। প্রথম পর্বের আয়োজনে থাকছেন আলেমওলেমাদের যোবায়ের অনুসারী মুসল্লীরা।
প্রথম পর্বের আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে কাল রবিবার জোহর নামাজের পূর্বে যে কোন সময়।। ৪ দিন বিরতি দিয়ে আবার ২০, ২১ ও ২২ জানুয়ারি অনুষ্ঠিত হবে নয়া দিল্লির আদি তাবলীগ জামাতের মুরুব্বি মাওলানা সাদ অনুসারীদের ইজতেমা। ২২ জানুয়ারি রবিবারও থাকছে আখেরী মোনাজাত।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্যা নজরুল ইসলাম শনিবার সকালে ইজতেমা মাঠ সংলগ্ন শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি মাঠে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইজতেমা ময়দানের পুরো আইনশৃঙ্খলাসহ সবকিছু এখন পর্যন্ত পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।।
ইতিমধ্যে প্রায় ১০ লক্ষাধিক মানুষ ইজতেমা ময়দানে সমবেত হয়েছেন। আমরা প্রত্যাশা করছি, এরিয়াটা নিরাপত্তার যেহেতু ঢেকে দিয়েছি, সুতরাং কোনরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না।
জিএমপি কমিশনার আরো বলেন, ইজতেমা চলাকালীন কোনও ধরনের নাশকতা রাহাজানির ঘটনা ঘটবে না বলে আমরা প্রত্যাশা করছি। ধর্মপ্রাণ মুসল্লিরা যাতে আল্লাহর ধ্যানে মগ্ন হতে পারেন, সবাই মিলেমিশে যেন শান্তিপূর্ণভাবে একসঙ্গে নামাজ আদায় করতে পারে সেদিকে লক্ষ্য রেখে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। তিন শতাধিক সিসিটিভি ক্যামেরা দিয়ে ইজতেমা মাঠ নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে।
উর্দু হিন্দিতে করা বয়ান বাংলাসহ কয়েকটি ভাষায় অনুবাদ করে শোনানো হচ্ছে। বিশ্ব ইজতেমা শুরুর আগের দিন থেকেই মুসল্লিদের আগমনে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে ইজতেমা ময়দান। মুসল্লিরা ময়দানে স্থান না পেয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটপাত ও মাঠের আশেপাশের খোলা জায়গা এমন কী টয়লেট বিল্ডিংয়ের ছাদে অবস্থান নিয়েছেন।
বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সিসি ক্যামেরায় বিদেশিদের প্রতিটি খিত্তা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। শনিবার পর্যন্ত ৭০ দেশের ৭ হাজার ৪২ জন বিদেশি মেহমান মুসল্লি ইজতেমা ময়দানে এসে পৌছেছেন।
আয়োজকরা জনকণ্ঠকে জানান, বিশ্ব ইজতেমার কর্মসূচির মধ্যে আ’ম ও খাস বয়ান, তালিম, তাশকিল, ছয় উসুলের হাকিকত, দরসে কোরআন, দরসে হাদিস, চিল্লায় নাম লেখানোসহ নতুন জামাত তৈরি হবে।
গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান জানিয়েছে, ইজতেমার সার্বিক নিরাপত্তায় কাজ করছেন ৩০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ইজতেমায় আসা যাওয়া দেখভালের মধ্যে রয়েছেন, এমপি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম ও গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাময়িক বরখাস্ত মেয়র জাহাঙ্গীর আলম।
Leave a Reply