বাংলাদেশ চলচ্চিত্রের খল অভিনেতা শেরপুরের নালিতাবাড়ীর শহীদউল্লাহ তালুকদার মুকুল ওরফে মুকুল তালুকদার আর নেই।
রোববার (২০ নভেম্বর) ভোর রাতে তিনি নালিতাবাড়ী শহরের মধ্যবাজারস্থ নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো শহীদউল্লাহ তালুকদার মুকুল রোববার রাতে প্রাত:ভ্রমণ শেষে বাসায় ফিরেন। এসময় বাসায় কোন লোকজন ছিল না। এর কিছুক্ষণ পর ঘরের দরজা খোলা দেখে বাসার এক ভাড়াটিয়া মুকুল তালুকদারকে ফ্লোরে অচেতন অবস্থায় পরে থাকতে দেখেন। স্বজনরা খবর পেয়ে দ্রুত বাসায় এসে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ধারণা করা যাচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মুকুল তালুকদার মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে নৌবাহিনী অফিসার নাফিস, শিক্ষার্থী মেয়ে সারা, ছোট বোন পুলিশ সুপার ফাহিতা ইয়াসমিন ডলি, ছোট ভাই এলজিআরডি কর্মকর্তা মুস্তাফিজুর রহমান বকুলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মুকুল তালুকদার খায়রুন সুন্দরী সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। সে এপর্যন্ত প্রায় ২০টির মতো ছবিতে খল চরিত্রে দারুন অভিনয় করেন। এছাড়াও তিনি উপজেলার কাকরকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
মুকুল তালুকদার জেলার পার্শ্ববর্তি উপজেলা ঝিনাইগাতি আদর্শ ডিগ্রী কলেজে শিক্ষকতাও করেছেন। এক সময়ের ফুটবলার এ তারকা এলাকার বিভিন্ন মহলে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে ক্রীড়া, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে আসে। রোববার বাদ এশা তার জানাযার নামাজ কাকরকান্দি ইউনিয়নের বরুয়াজানী হাসান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।
Leave a Reply