মানিকগঞ্জের হরিরামপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতরা হলেন হরিরামপুর উপজেলার শালখাই গ্রামের আরফান খানের ছেলে সৌরভ খান (২১) এবং কৌড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে নাঈম (২৩)। আটক নাঈম ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, ডিবির আভিযানিক দল হরিরামপুর ও শিবালয় উপজেলায় পৃথক অভিযান চালিয়ে চার মাদক কারবারিকে আটক করেছে। এ সময় ২৫ গ্রাম হেরোইনসহ দুজন এবং ৫০০ পিস ইয়াবাসহ আরও দুজনকে আটক করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ টাকা।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। এ ঘটনায় হরিরামপুর ও শিবালয় থানায় পৃথক দুটি মামলা হয়েছে বলে জানান তিনি।
মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি এম এ সিফাদ কোরাইশি সুমন বলেন, নির্বাচনের আগেও নাঈমের বিরুদ্ধে মামলা দিয়েছে বিরোধী পক্ষ। যেহেতু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে, জেলা ছাত্রলীগ তদন্ত করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে।
Leave a Reply