গাজীপুরের টঙ্গী বউবাজার এলাকায় রেললাইনের উপর অস্থায়ী ভাবে গড়ে উঠা অবৈধ স্থাপনা ও কাচাঁ বাজার উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল থেকে চলা এ অভিযানে প্রায় শতাধিক স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।

রেলওয়ে বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন এফকনের সেফটি ম্যানেজার দীপঙ্কর রায়, সেফটি কর্মকর্তা আব্দুল আজিজসহ রেলওয়ে পুলিশের কর্মকর্তাবৃন্দ।
এলাকার বাসিন্দারা জানান, বহু বছর ধরে টঙ্গী বউ বাজারে রেললাইনের উপর অবৈধ ভাবে বাজার বসিয়ে এলাকার প্রভাবশালীরা চাঁদা তুলে আসছিল। একদিকে এখানে রেললাইনের উপর দিয়ে চলমান সড়ক এবং রেলপথে প্রতিদিন হাজার হাজার পথচারি ও যানবাহন চললেও এখানে নেই নিরাপদ লেভেল ক্রসিং। তার উপর অবৈধ বাজার থাকায় এখানে প্রায়ই ঘটছে দূর্ঘটনা ও প্রাণহানি।

রেলওয়ে বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, রেলওয়ে বিভাগের ডিআরএম (ঢাকা) শফিকুর রহমানের নির্দেশক্রমে এ অভিযানটি পরিচালিত হয়। রেললাইনের উপর বা রেললাইনের জায়গা দখল করে অবৈধ ভাবে গড়ে ওঠা সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।
Leave a Reply