তিতাস নদী ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়িয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নদী ও পরিবেশকর্মীরা।
নদী, পরিবেশ ও প্রকৃতি রক্ষার সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ‘তিতাস নদী ও পরিবেশ রক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় এ আহ্বান জানানো হয়। কর্মশালা সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনিসুল হক রিপন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে তিতাস নদীর দখল-দূষণ, অবৈধ বালু উত্তোলন, নাব্যতা সংকট, জলাশয় ভরাট, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে বহুল আলোচনা করা হয়।
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেব উপস্হিত ছিলেন নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও উক্ত অনুষ্ঠানের সভাপতি সুমন শামস।
প্রধান অতিথির বক্তব্যে সুমন শামস বলেন, তিতাস নদী ব্রাহ্মণবাড়িয়ার মানুষের জীবন-জীবিকা, কৃষি, মৎস্য ও পরিবেশের সঙ্গে গভীরভাবে জড়িত। নদী রক্ষায় শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এ ব্যপারে জনগণকেও সম্পৃক্ত করতে হবে। নদী দখল, দূষণ ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের সবাইকে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, প্রকৃতি ধ্বংস করে কোনো এলাকার টেকসই উন্নয়ন কখনও সম্ভব নয়। তিতাসসহ জেলার সব নদী, খাল-বিল ও জলাশয় রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন ও সাধারণ মানুষকে সমন্বিতভাবে এগিয়ে এসে কাজ করতে হবে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপপরিচালক নিজাম উদ্দিন শেখ, বিআইডব্লিউটিএ ভৈরব শাখার ইন্সপেক্টর জসিম উদ্দিন, পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার উপসহকারী রাতুল বনিক, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, নোঙর বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন ও সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।
এছাড়া নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ভূইয়া বিল্লাল, সহ- সভাপতি শামীমা বাছির স্মৃতি, সিনিয়র সাংবাদিক শেখ শহিদুল ইসলাম, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার শেখ আরিফ বিল্লাহ আজিজীসহ পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মশালায় অংশ নেন।
দিনব্যাপী কর্মশালায় তিতাস নদী ও পরিবেশ রক্ষায় করণীয় নিয়ে মতবিনিময় করা হয় এবং নদী, জলাশয় ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। কর্মশালা শেষে ঢাকা থেকে আগত নোঙর কমিটির সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ার নোঙর কমিটির সদস্যদের নিয়ে শহরের ঐতিহ্যবাহী আনন্দ বাজার নৌকাঘাটে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং তিতাস নদীতে ঘুরে ঘুরে তিতাসের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *