ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার ও বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব রেবা সাহার একমাত্র তনয়া কবি, গীতিকার ও কণ্ঠশিল্পী প্রয়াত শ্রাবন্তী সরকার ঋতুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা অডিটোরিয়াম হলরুমে শ্রাবন্তী সরকার ঋতু স্মৃতি ফাউন্ডেশন (প্রস্তাবিত)-এর উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

স্মরণসভায় শ্রাবন্তী সরকার ঋতুর কর্মময় জীবন ও সমাজের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। বক্তারা তাঁর স্মৃতি ও মানবিক মূল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তাঁর স্মৃতি ধরে রাখতে প্রস্তাবিত স্মৃতি ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার, ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর (রুবেল), ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক এনায়েতুল্লাহ কালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহামেদ, সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা রোজি, হালুয়াঘাট সার্কেলের এএসপি মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল ও পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ।

এ ছাড়া শ্রাবন্তী সরকার ঋতুর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, স্থানীয় কবি-সাহিত্যিক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।

স্মরণসভায় শ্রাবন্তী সরকার ঋতুর আত্মার শান্তি কামনা করে শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাঁর মা রেবা সাহা।

শ্রাবন্তী সরকার ঋতু ১৯৮৮ সালের ১৪ আগস্ট জন্মগ্রহণ করেন। ২০২৫ সালের ১২ সেপ্টেম্বর ৩৭ বছর বয়সে তাঁর অকালমৃত্যু হয়। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উত্তর খয়রাকুড়ি গ্রামে পৈতৃক বাড়িতে তাঁকে সমাধিস্থ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *