বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাই আন্দোলনের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, নাটিকা ও সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বিভিন্ন ঘটনা ও আত্মত্যাগের কথা তুলে ধরা হয়।
দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মারিয়া বিনতে মুস্তাফিজ ও কুরাতুন আইন যৌথভাবে অনুষ্ঠানটি উপস্থাপনা করেন। এ সময় ‘জুলাই মানে মুক্তি’, ‘কোথায় জুলাই যোদ্ধারা’, ‘সিঁথি’ ও ‘স্বাধীনতার কবিতা’সহ বিভিন্ন কবিতা আবৃত্তি করেন জুবাইদা, আরিবা, নামিরা, মাহিমা সুলতানা, জোয়েনা হক, হুজাইফা ও ফারহাতুল আইন।
এ ছাড়া ‘জুলাই আন্দোলন ও আগামী প্রজন্মের করণীয়’ বিষয়ে উপস্থিত বক্তৃতা করেন মারজান খালিল, মারিয়া বিনতে মুস্তাফিজ, সানজিদা ইসলাম, ফাহমিদা, মারজুক বিন মহাসিন ও সুমাইয়া সুলতানা।
অনুষ্ঠানের শেষ পর্বে ‘জুলাই আন্দোলন ও প্রবাসীদের আত্মত্যাগ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কলেজের অস্থায়ী অডিটোরিয়ামে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ডা. সৈয়দ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বোর্ডের সদস্য মামুনুর রহমান, সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, আব্দুল্লাহ রশিদ নাফিসসহ প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্টরা।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন জাহিদুল ইসলাম।
Leave a Reply