রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি নবায়ন করেছেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র। নতুন চুক্তি অনুযায়ী ২০৩২ সালের ৩০ জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতেই থাকছেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। চুক্তির মেয়াদ শেষ দিকে চলে আসায় সাম্প্রতিক সময়ে তাকে দলে ভেড়াতে আর্সেনাল আগ্রহ দেখালেও, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্নাব্যুতে থাকার সিদ্ধান্তই নিলেন তিনি।
রিয়ালের পক্ষ থেকে দেওয়া নতুন প্রস্তাবে রাজি হন এই ব্রাজিলিয়ান উইঙ্গার। ক্লাবের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের ইতিহাসের অন্যতম সফল সময়ে ভিনিসিয়ুস অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ে পরিণত হয়েছেন।’
২০১৮ সালের জুলাইয়ে মাত্র ১৮ বছর বয়সে ব্রাজিলীয় ক্লাব ফ্ল্যামেঙ্গো থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন ভিনিসিয়ুস। এর পর তিন বছর আগে একবার চুক্তি বাড়ান তিনি। স্প্যানিশ ক্লাবটিতে নিজের কাটানো আটটি মৌসুমে ৩৭৫টি ম্যাচ খেলে ১২৮টি গোল করেছেন তিনি। ক্লাবের হয়ে জিতেছেন ১৪টি শিরোপা। যার মধ্যে রয়েছে ২টি চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ২টি উয়েফা সুপার কাপ, ৩টি লা লিগা, ১টি কোপা দেল রে এবং ৩টি স্প্যানিশ সুপার কাপ।
রিয়ালের ইউরোপীয় ও ঘরোয়া সাফল্যের মূল কারিগরদের একজন ভিনিসিয়ুস। প্যারিসে ২০২২ সালের চতুর্দশ এবং ২০২৪ সালে লন্ডনে পঞ্চদশ চ্যাম্পিয়নস লিগ জয়ের ফাইনালে গুরুত্বপূর্ণ গোলসহ তার অ্যাসিস্ট ও অলরাউন্ড পারফরম্যান্স ছিল অনবদ্য।
মাদ্রিদে খেলার সময়েই ভিনিসিয়ুস একাধিক ব্যক্তিগত সম্মাননা অর্জন করেছেন। তিনি ২০২৪ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ নির্বাচিত হন। এছাড়া ২০২৪ ইন্টারকন্টিনেন্টাল কাপের গোল্ডেন বল, ২০২৩-২৪ চ্যাম্পিয়নস লিগের সেরা খেলোয়াড়, ২০২২ ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল এবং ২০২১-২২ চ্যাম্পিয়নস লিগের সেরা উদীয়মান খেলোয়াড় হন।
পাশাপাশি তিনি ২০২৪ সালের ‘ফিফা ওয়ার্ল্ড একাদশ’ ও পরপর দুইবার (২০২৩ ও ২০২৪) ‘ফিফা ফিফপ্রো ওয়ার্ল্ড ১১’-এ জায়গা করে নেন। টানা তিন মৌসুম (২০২১-২২ থেকে ২০২৩-২৪) স্থান পেয়েছেন চ্যাম্পিয়নস লিগের সেরা দলেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *