কমনওয়েলথ গেমসের ইতিহাসে সর্বাধিক পদকজয়ী ক্রীড়াবিদ হওয়ার আনন্দের রেশ কাটতে না কাটতেই ভয়াবহ এক দুর্ঘটনার খবর পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি সাঁতারু চ্যাড লে ক্লোস। তিনি জানিয়েছেন, কেপ টাউনের সি পয়েন্টে অবস্থিত অ্যাপার্টমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে তার এক দশকেরও বেশি সময়ের বাসস্থান পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় তার এক প্রতিবেশী মারা গেছেন।
গত সপ্তাহে গ্লাসগোতে ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার মেডলে রিলেতে দক্ষিণ আফ্রিকা ব্রোঞ্জ জেতার মাধ্যমে নিজের ২১তম কমনওয়েলথ পদক অর্জন করেন ৩৪ বছর বয়সী লে ক্লোস। এর ফলে তিনি অস্ট্রেলিয়ার এমা ম্যাককিওনকে ছাড়িয়ে কমনওয়েলথ গেমসের ইতিহাসে সর্বাধিক পদকজয়ী ক্রীড়াবিদে পরিণত হন। ২০২৬ আসরে এটি ছিল লে ক্লোসের তৃতীয় পদক।
এর আগে তিনি মিশ্র ৪ গুণিতক ১০০ মিটার মেডলে রিলেতে রুপা এবং ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার ফ্রি-স্টাইল রিলেতে ব্রোঞ্জ জেতেন।
তবে এই ঐতিহাসিক অর্জনের পরদিনই ভয়াবহ অগ্নিকাণ্ডে নিজের বাড়ি হারান লে ক্লোস। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি লিখেছেন, ‘এই হৃদয়বিদারক ঘটনা মেনে নিতে আমার কিছুটা সময় লেগেছে।
তিনি আরো লিখেছেন, ‘৩০ জুলাই সন্ধ্যায় যখন আমি কমনওয়েলথ গেমসের সর্বকালের রেকর্ড গড়ার মুহূর্ত পার করছিলাম, তখন আমার অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লাগে, যা খুব দ্রুত আমার বাসায় ছড়িয়ে পড়ে।
দুঃখজনকভাবে, এক দশকেরও বেশি সময় ধরে যেখানে আমি বসবাস করেছি, সেই বাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে। উদ্ধার করার মতো কিছুই আর অবশিষ্ট নেই।
পোস্টে তিনি এক প্রতিবেশীর মৃত্যুতেও গভীর শোক প্রকাশ করেন, ‘আমার বহু বছরের সেই প্রতিবেশীর পরিবার ও বন্ধুদের প্রতি গভীর এবং আন্তরিক সমবেদনা জানাই।’ এ ছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত অন্য বাসিন্দাদের প্রতিও সহমর্মিতা প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকান এই সাঁতারু।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডে নিহত লে ক্লোসের প্রতিবেশীর বয়স ৯৩ বছর। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিবেশীদের সহায়তায় এরই মধ্যে একটি তহবিল সংগ্রহ কার্যক্রমও শুরু করেছেন লে ক্লোস।
২০১২ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে যুক্তরাষ্ট্রের কিংবদন্তি মাইকেল ফেলপসকে হারিয়ে সোনার পদক জিতে বিশ্বজুড়ে আলোচনায় আসেন লে ক্লোস।
এর আগে ২০১০ সালে দিল্লিতে মাত্র ১৮ বছর বয়সে প্রথম কমনওয়েলথ পদক জেতেন লে ক্লোস। এখন পর্যন্ত পাঁচটি কমনওয়েলথ গেমসে তার সংগ্রহে রয়েছে ২১টি পদক (৭টি সোনা, ৫টি রুপা ও ৯টি ব্রোঞ্জ)।
দীর্ঘ ক্যারিয়ারে চ্যাড লে ক্লোস জিতেছেন ৪টি অলিম্পিক পদক, ১৬টি বিশ্ব শিরোপা, ৭টি কমনওয়েলথ সোনা এবং ১০টি আফ্রিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা।
Leave a Reply