বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফিফার টুর্নামেন্টের স্বত্ব বিক্রির বিতর্কিত প্রস্তাবকে ঘিরে সৃষ্ট ঝড়ের মাঝে অবশেষে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো। নিজের তৈরি পরিকল্পনায় ‘ভুল’ হয়েছিল মেনে নিলেও জ্যেষ্ঠ কর্মকর্তাদের সমর্থন পেয়ে আন্তর্জাতিক ফুটবল সংস্থার সভাপতির পদে বহাল থাকছেন তিনি।
মরক্কোর রাবাতে বুধবার ফিফার আফ্রিকা কার্যালয়ে গভর্নিং বোর্ডের সদস্যদের নিয়ে এক জরুরি বৈঠকে বসেন ইনফান্তিনো। প্রস্তাবটি বাতিল করার পরও সমালোচনার মুখে পড়ে বাধ্য হয়েই তিনি এই বৈঠক ডাকেন। দীর্ঘ চার ঘণ্টার বৈঠক শেষে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি সভাপতি ইনফান্তিনোর প্রতি তাদের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে বিবৃতি দেয়।
নতুন একটি অঙ্গপ্রতিষ্ঠান ‘ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই)-এর মাধ্যমে পুরুষ ও নারী বিশ্বকাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার প্রস্তাব দিয়েছিলেন ইনফান্তিনো।
এমনকি যে সদস্য দেশগুলো এই প্রস্তাবে রাজি হবে, তাদের প্রত্যেককে চার কোটি ডলার (প্রায় ৩ কোটি পাউন্ড) দেয়ার প্রলোভনও দেওয়া হয়েছিল।
তবে বিষয়টি জানাজানি হতেই শুরু হয় জোর বিতর্ক। গত ২৮ জুলাই ব্রিটিশ দৈনিক ‘দ্য টাইমস’-এ পরিকল্পনাটি ফাঁসের পর ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা কঠোর প্রতিক্রিয়া জানায়। সপ্তাহান্তে উয়েফা স্পষ্ট জানিয়ে দেয় যে, তারা ইনফান্তিনোর ওপর আস্থা হারিয়েছে।
একই সঙ্গে তারা এই প্রস্তাবকে একটি ‘অস্বচ্ছ ও অসাধু অনাকাক্সিক্ষত চুক্তি’ হিসেবে আখ্যায়িত করে।
শুধু বাইরেই নয়, ফিফার ভেতর থেকেও উঠেছে প্রতিবাদের সুর। সংস্থার মহাসচিব মাতিয়াস গ্রাফস্ট্রম স্বয়ং মঙ্গলবার কর্মচারীদের কাছে পাঠানো এক অভ্যন্তরীণ চিঠিতে এই পুরো ঘটনাকে ‘একটি দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা’ বলে উল্লেখ করেছিলেন।
তবে বুধবারের বৈঠকের পর সেই চিত্র অনেকটাই বদলে যায়। যৌথভাবে এক বিবৃতিতে গ্রাফস্ট্রম ও পরিচালনা পর্ষদ সভাপতি হিসেবে ইনফান্তিনোর প্রতি তাদের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেন।
পরবর্তীতে ফিফার সহ-সভাপতি, কাউন্সিল সদস্য ও ২১১টি সদস্য অ্যাসোসিয়েশনের কাছে পাঠানো একটি যৌথ চিঠিতে ইনফান্তিনো ও গ্রাফস্ট্রম নিজেদের ভুলের জন্য ‘আন্তরিকভাবে ক্ষমা’ চান এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই প্রতিশ্রুতি দেন। বৈঠকের পর তাদের দুজনকে রাবাতে উইমেনস আফ্রিকা কাপ অব নেশনসের একটি ম্যাচ একসঙ্গে উপভোগ করতেও দেখা যায়।
ফিফার বিবৃতিতে জানানো হয়, সভায় এফএফই সম্পর্কিত ‘ভুলগুলো’ স্বীকার করা হয়েছে। কাউন্সিলের সদস্য ও বিভিন্ন ফুটবল সংস্থাকে এই প্রক্রিয়ার বাইরে রাখা বা তাদের এড়িয়ে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না বলেও দাবি করে সংস্থাটি। গণমাধ্যমে খবর ফাঁসের পর পরিস্থিতি যেভাবে সামাল দেওয়া হয়েছে, সেখানেও ত্রুটি ছিল বলে তারা মেনে নেয়।
তবে একই সঙ্গে সুর চড়িয়ে ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, সংস্থার ভাবমূর্তি ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর কোনো ধরনের আক্রমণ আর সহ্য করা হবে না এবং সুনাম রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।