প্রাক-মৌসুম প্রস্তুতিতে প্রীতি ম্যাচ খেলতে ইংল্যান্ডে গেছে বার্সেলোনা। প্রতিপক্ষ ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল প্রেস্টন নর্থ এন্ড।
কিন্তু মাঠে গড়ানোর আগেই ম্যাচটি বাতিল হয়ে গেছে। কারণ আবহাওয়া, নিরাপত্তা কিংবা মাঠের কোনো সমস্যা নয়। প্রেস্টনের খেলোয়াড় সংকট!
ইংল্যান্ডের সেন্ট জর্জ’স পার্কে আজ বিকেলে প্রীতি ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল। তবে প্রেস্টন কর্তৃপক্ষ বার্সেলোনাকে জানায়, তারা পূর্ণাঙ্গ সিনিয়র দল নামাতে পারবে না।
এর পরিবর্তে অনূর্ধ্ব-২১ দল খেলানোর প্রস্তাব দেয়। কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি বার্সা।
শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রস্তুতি ম্যাচ খেলতে চাইলেও অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে মাঠে নামতে আগ্রহ দেখায়নি বার্সা। ফলে ম্যাচটি বাতিল করে অনুশীলন করার সিদ্ধান্ত নেয় কাতালান ক্লাবটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, নতুন মৌসুমের আগে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়নি প্রেস্টন। সামনে লিগ কাপের ম্যাচ থাকায় কয়েকজন নিয়মিত ফুটবলারকে বিশ্রাম দেওয়া হয়েছে। এর সঙ্গে চোটে পড়া কয়েকজন খেলোয়াড়ের অনুপস্থিতিও যোগ হওয়ায় পূর্ণাঙ্গ সিনিয়র দল গড়া সম্ভব হয়নি।
ম্যাচ বাতিল হওয়ায় বার্সেলোনাও নিজেদের প্রস্তুতি সূচিতে পরিবর্তন এনেছে। হান্সি ফ্লিকের দল আগেভাগেই স্পেনে ফিরে যাবে।
এরপর ইতালিতে প্রাক-মৌসুম টুর্নামেন্টে অংশ নেবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে নটিংহাম ফরেস্ট ও উদিনেসে। পরে নিজেদের মাঠে জোয়ান গ্যাম্পার ট্রফিতে মিশরের ক্লাব আল আহলির বিপক্ষেও খেলবে তারা।
Leave a Reply