শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফাইনালে মঞ্চ মাতাবেন যারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১ বার

ফুটবল বিশ্বকাপের ফাইনাল মানেই শিরোপা নির্ধারণের উত্তেজনা। তবে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল এবার শুধু মাঠের লড়াই নয়, বিনোদনের দিক থেকেও নতুন ইতিহাস গড়তে যাচ্ছে। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে অনুষ্ঠিত হবে হাফটাইম শো, যেখানে পারফর্ম করবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা।
আয়োজকরা হাফটাইম শোতে অংশ নেওয়া শিল্পীদের তালিকা প্রকাশ করেছে।
আগামী ১৯ জুলাই (বাংলাদেশ সময় দিবাগত রাত ১টা) নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। ম্যাচের বিরতিতে ১১ মিনিটের এই বিশেষ সংগীতানুষ্ঠান বিশ্বকাপের ইতিহাসে প্রথম।
এই বিশেষ আয়োজনে মঞ্চে থাকবেন জাস্টিন বিবার, শাকিরা, ম্যাডোনা, দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, নাইজেরিয়ার আফ্রোবিট তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের পিএস২২ কোরাস। তাদের সঙ্গে পরিবেশনায় অংশ নেবে ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লেও। পুরো অনুষ্ঠানের সৃজনশীল তত্ত্বাবধান করছেন কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন।
তবে এই আয়োজনের উদ্দেশ্য শুধু দর্শকদের বিনোদন দেওয়া নয়। হাফটাইম শো থেকে প্রাপ্ত অর্থ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে দেওয়া হবে। বিশ্বের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও ফুটবলে অংশগ্রহণের সুযোগ বাড়াতে ১০০ মিলিয়ন মার্কিন ডলারের একটি তহবিল গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে এই উদ্যোগ।
বিশ্বকাপের ইতিহাসের প্রথম হাফটাইম শোতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জাস্টিন বিবার। এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বকাপ এমন একটি আসর, যা পুরো পৃথিবীকে এক সুতোয় গেঁথে রাখে। এই ঐতিহাসিক আয়োজনের অংশ হতে পারা তার জন্য গর্বের, আর শিশুদের শিক্ষার জন্য কাজ করার উদ্যোগ তাকে আরও অনুপ্রাণিত করেছে।
বিশ্বকাপের অফিসিয়াল গান ‘দাই দাই’ এর অন্যতম শিল্পী বার্না বয়ও এই আয়োজনকে বিশেষ সম্মান হিসেবে দেখছেন। তিনি বলেন, বিশ্বকাপের ফাইনালে আফ্রিকার প্রতিনিধিত্ব করা যেমন গর্বের, তেমনি এটি বড় দায়িত্বও। জানা গেছে, শাকিরার সঙ্গে গাওয়া এই অফিসিয়াল থিম সংটিও হাফটাইম শোতে পরিবেশিত হতে পারে।
শুধু সংগীত তারকারাই নন, শিশুদের জন্যও থাকছে বিশেষ আকর্ষণ। জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’ এর পরিচিত চরিত্রগুলোর পাশাপাশি কারমিট দ্য ফ্রগ ও মিস পিগিও এই আয়োজনে অংশ নেবে।
ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠান দীর্ঘদিনের ঐতিহ্য হলেও ম্যাচের বিরতিতে হাফটাইম শো এবারই প্রথম। আমেরিকান ফুটবলের সুপার বোলের জনপ্রিয় হাফটাইম শোর আদলে এই আয়োজন করছে ফিফা। সূত্র: ইএসপিএন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories