ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র ভিসি চত্বরে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে ‘গুরু ওয়ার্ল্ড কাপ ফিয়েস্তা’। বাংলাদেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী দেশবন্ধু গ্রুপের সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ আয়োজন।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ ম্যাচ ভিসি চত্বরে স্থাপিত জায়ান্ট স্ক্রিনে উপভোগ করা যাবে। ফুটবলপ্রেমী শিক্ষার্থী ও দর্শকদের জন্য এটি হবে এক অনন্য মিলনমেলা, যেখানে একসঙ্গে খেলা দেখা, উল্লাস ভাগাভাগি করা এবং বিশ্বকাপের আবহ উপভোগের সুযোগ তৈরি হবে।
শুধু জায়ান্ট স্ক্রিনে খেলা প্রদর্শনই নয়, বিশ্বকাপের উৎসবকে আরও প্রাণবন্ত করে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের অংশগ্রহণে আয়োজন করা হয়েছে ‘গুরু মিনি বিশ্বকাপ টুর্নামেন্ট’। এতে এক হলের শিক্ষার্থীরা অন্য হলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আয়োজকদের আশা, এ প্রতিযোগিতা ক্যাম্পাসে সৌহার্দ্য, সম্প্রীতি ও ক্রীড়াচর্চার পরিবেশকে আরও শক্তিশালী করবে।
দেশের তরুণ সমাজের সৃজনশীলতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করতে দেশবন্ধু গ্রুপ দীর্ঘদিন ধরে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পায়নের পাশাপাশি প্রতিষ্ঠানটি শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম পরিচালনার মাধ্যমে দেশের মানুষের পাশে রয়েছে।
বিশ্বকাপের উত্তেজনা, ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য এবং বন্ধুত্বের বন্ধন—সবকিছু মিলিয়ে ‘গুরু ওয়ার্ল্ড কাপ ফিয়েস্তা’ হতে যাচ্ছে স্মরণীয় এক আয়োজন।
ফুটবলপ্রেমীদের বন্ধুদের নিয়ে এ আয়োজনে অংশ নিয়ে বিশ্বকাপের প্রতিটি মুহূর্ত উপভোগ করার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
Leave a Reply