ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে অপ্রত্যাশিত হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে স্কোয়াডে পরিবর্তন এনে নতুন পরিকল্পনায় মাঠে নামছে নিউজিল্যান্ড।
সিরিজ শুরুর আগে সবচেয়ে বড় ধাক্কা এসেছে ক্রিস্টিয়ান ক্লার্কের চোটে। নিউজিল্যান্ড ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরের সময় হাতের ইনজুরিতে পড়েন তিনি। ফলে শুধু ‘এ’ দলই নয়, বাংলাদেশ সফরের টি-টোয়েন্টি স্কোয়াড থেকেও ছিটকে গেছেন এই অলরাউন্ডার।
তার জায়গায় সুযোগ পেয়েছেন মোহাম্মদ আব্বাস, যিনি সিরিজের শুরু থেকেই দলের সঙ্গে যুক্ত থাকবেন। তরুণ এই ক্রিকেটারের অন্তর্ভুক্তি দলে নতুন ভারসাম্য এনে দিতে পারে বলে আশা করছে টিম ম্যানেজমেন্ট।
অন্যদিকে, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার সুযোগ পাওয়ায় ওয়ানডে সিরিজের মাঝপথে দল ছাড়তে হয়েছিল পেসার বেন সিয়ার্সকে। তবে টি-টোয়েন্টি সিরিজের আগে তার ফ্র্যাঞ্চাইজি দায়িত্ব শেষ হওয়ায় আবারও জাতীয় দলে যোগ দিচ্ছেন তিনি। তার ফিরে আসা কিউইদের পেস আক্রমণকে আরও শক্তিশালী করবে।
চোট সতর্কতার কারণে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে একাদশের বাইরে রাখা হয়েছিল আরেক পেসার ব্লেয়ার টিকনারকে। তবে টি-টোয়েন্টি সিরিজে তাকে দলে রাখা হয়েছে, যা বোলিং বিভাগে অভিজ্ঞতার যোগান দেবে।
আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে, আগামী ২৭ ও ২৯ এপ্রিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি ২ মে অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়।
নিউজিল্যান্ড স্কোয়াড
টম ল্যাথাম, কাটেনে ক্লার্ক, ডেন ক্লিভার, বেভান জ্যাকবস, নিক কেলি, টিম রবিনসন, জশ ক্লার্কসন, ডিন ফক্সক্রফট, নাথান স্মিথ, ম্যাট ফিশার, জেডন লেনক্স, ইশ সোধি, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার এবং মোহাম্মদ আব্বাস।
Leave a Reply