দেশের স্বাস্থ্য খাতের বর্তমান সংকটের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালনে ব্যর্থতা এবং বিগত আওয়ামী লীগ সরকারের আমলের লুটপাটকে দায়ী করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন বকুল। শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে মুন্সিগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্বিক পরিস্থিতি আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে বর্তমানে হামের সংক্রমণের হার এবং শিশু মৃত্যু বৃদ্ধি পাওয়ার পেছনে বিগত আওয়ামী লীগ ও অন্তর্বর্তীকালীন—উভয় সরকারের উদাসীনতা দায়ী। তিনি উল্লেখ করেন, ২০২০ সালের ডিসেম্বরের পর দেশে হামের টিকা নিয়ে কোনো সচেতনতামূলক ক্যাম্পেইন হয়নি। গত ৬ বছর ধরে এই কার্যক্রম বন্ধ থাকায় শিশুরা ঝুঁকির মুখে পড়েছে এবং প্রাণহানির ঘটনা ঘটছে।
মন্ত্রী আশ্বস্ত করে বলেন, সরকার এখন সারা দেশে হামের টিকা প্রদান কার্যক্রম শুরু করেছে। শুরুতে ৩০টি উপজেলায় শুরু হলেও গত ২০ এপ্রিল থেকে সারা দেশে পূর্ণাঙ্গভাবে টিকাদান অব্যাহত রয়েছে। আশা করছি দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে।
পরিদর্শনকালে হাসপাতালে জলাতঙ্কের ভ্যাকসিন পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও সরকারের বিরুদ্ধে নেতিবাচক অপপ্রচার চালানোর অভিযোগে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ আহাম্মদ কবিরকে তাৎক্ষণিক ক্লোজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
পরবর্তীতে হাসপাতালের নানা অনিয়ম খতিয়ে দেখতে দ্বিতীয় দফায় পরিদর্শনে গিয়ে জেলা সিভিল সার্জন ডাঃ কামরুল জমাদ্দার এবং একই কার্যালয়ের তৃতীয় শ্রেণীর কর্মচারী মোঃ মিজানকেও ক্লোজ করার ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম আজাদ, জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী, পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলমসহ স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা।
Leave a Reply