দেশে শিশুদের মধ্যে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, একাধিক কাঠামোগত ও ব্যবস্থাপনাগত দুর্বলতার কারণে এই সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তারা ছয়টি প্রধান কারণকে এ পরিস্থিতির জন্য দায়ী করছেন।
বিশেষজ্ঞদের ভাষ্য অনুযায়ী, টিকাদান কর্মসূচিতে ঘাটতি, সময়মতো রোগ শনাক্তে ব্যর্থতা, স্বাস্থ্যকর্মীদের ধর্মঘট, অর্থসংকটে বিভিন্ন সেক্টরভিত্তিক কর্মসূচি স্থগিত থাকা, ভিটামিন ‘এ’ ও কৃমিনাশক বিতরণ বন্ধ থাকা এবং প্রতি বছর প্রায় ১০ শতাংশ শিশু টিকার বাইরে থেকে যাওয়াই সংক্রমণ বৃদ্ধির মূল কারণ।
তারা সতর্ক করে বলছেন, এসব কারণ একসঙ্গে কাজ করায় পরিস্থিতি দ্রুত অবনতি হয়েছে এবং সংক্রমণ আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ অবস্থায় দ্রুত গণটিকাদান জোরদার করা এবং আক্রান্ত শিশুদের আলাদা রেখে চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসেই দেশে ৬৭৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। যেখানে গত বছরের একই সময়ে আক্রান্ত ছিল মাত্র ৯ জন। ২০২৪ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ৬৪। অর্থাৎ এক বছরের ব্যবধানে সংক্রমণ বেড়েছে বহুগুণ।
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ঢাকা বিভাগে—২৪৫ জন, যা মোটের ৩৬ দশমিক ২৪ শতাংশ। এরপর রাজশাহী বিভাগে ১৩৭ জন, চট্টগ্রামে ৯৩, ময়মনসিংহে ৮০ এবং বরিশাল ও খুলনায় ৫১ জন করে রোগী শনাক্ত হয়েছে। তুলনামূলক কম আক্রান্ত পাওয়া গেছে সিলেট ও রংপুর বিভাগে
তবে সংশ্লিষ্টরা বলছেন, এই পরিসংখ্যান শুধুমাত্র সরকারি হাসপাতালের তথ্যের ভিত্তিতে তৈরি। বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক রোগীই বেসরকারি বা স্থানীয় পর্যায়ে চিকিৎসা নিচ্ছেন, যা আনুষ্ঠানিক হিসাবে আসছে না।
এদিকে বিভিন্ন হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যে জানা গেছে, এখন পর্যন্ত অন্তত ৪১ শিশুর মৃত্যুর খবর মিলেছে, যাদের অধিকাংশের মধ্যেই হামের পাশাপাশি অন্যান্য জটিলতা ছিল। রাজধানীসহ বিভিন্ন অঞ্চলের হাসপাতালগুলোতে এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।