টানা কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হলেও চৈত্রের গরম যেন কিছুতেই কমছে না। সেই সঙ্গে তীব্র রোদ সঙ্গী করে ৩৪ ডিগ্রির ঘরে বিরাজ করছে দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এই অবস্থার মধ্যেই ঢাকাসহ দেশের ১৩ জেলায় রোববার (২৯ মার্চ) রাতের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন, রোববার রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার কুমারখালীতে দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি এই সময়ে রংপুরে ১৬ মিলিমিটার ছাড়াও নরসিংদীতে ১৫, নীলফামারীর রাজারহাটে ১০, পাবনার ঈশ্বরদীতে ৯, সৈয়দপুরে ৭ মিলিমিটারসহ দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে।
অন্যদিকে রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এই সময়ে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা কমে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
Leave a Reply