ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি মৌসুমের উদ্বোধনী ম্যাচ আজ। শনিবার (২৮ মার্চ) প্রথম ম্যাচেই মুখোমুখি হবে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএল শুরুর আগমুহূর্তে দুঃসংবাদ শুনলেন চেন্নাই সুপার কিংসের অভিজ্ঞ ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।
ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, পায়ের পেশির ইনজুরি থেকে এখনো পুরোপুরি সেরে উঠতে পারেননি ধোনি। তাই এবারের আসরের প্রথম দুই সপ্তাহ মিস করতে পারেন তিনি।
টুর্নামেন্ট শুরুর দিন সকালে চেন্নাই এক বিবৃতিতে জানায়, ধোনি পেশির ইনজুরির পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন। ফলে মৌসুমের শুরুর দিকে দলটি তাদের তারকা খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামতে পারে।
চেন্নাই সুপার কিংস তাদের প্রথম ম্যাচ খেলবে রাজস্থান রয়্যালসের বিপক্ষে, ৩০ মার্চ গৌহাটিতে।
চলতি বছর ৪৫ বছরে পা দিতে যাওয়া ধোনি চেন্নাইয়ের স্কোয়াডে থাকা চার উইকেটকিপারের একজন। বাকি তিনজন হলেন সাঞ্জু স্যামসন (যাকে রাজস্থান রয়্যালস থেকে দলে নেয়া হয়েছে), কার্তিক শর্মা ও উরভিল প্যাটেল। ২৭৮ ম্যাচ খেলে ধোনি আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার।
গত কয়েক বছর ধরে ধোনি হাঁটুর চোটে ভুগলেও তিনি নিয়মিত চেন্নাইয়ের হয়ে খেলেছেন এবং ২০২৩ সালে দলকে পঞ্চম শিরোপা জিতিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *