পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম নওয়াজকে নিয়ে নিজের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে বিতর্কিত এক পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের পেসার নাসিম শাহ। তবে নিজের আইডি হ্যাক হয়েছিল বলে পরবর্তীতে দাবি করেছেন এই পেসার। প্রতিবেদন জিও সুপারের।
ঘটনাটি পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের উদ্বোধনী ম্যাচের। ম্যাচটিতে বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের বিপক্ষে মাঠে নামে হায়দরাবাদ কিংসম্যান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন মারিয়াম। তাকে স্বাগত জানান পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি এবং অংশগ্রহণকারী ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
ম্যাচ শুরুর আগে উভয় দলের খেলোয়াড়দের সঙ্গেও পরিচয় করিয়ে দেয়া হয় মুখ্যমন্ত্রীকে। মারিয়াম নওয়াজ অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছাও জানান।
এর কিছুক্ষণ পরই নাসিম শাহর ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট ভাইরাল হয়ে যায়। পিসিবির একটি পোস্ট রিটুইট করে সেখানে লেখা ছিল, ‘লর্ডসে তাকে এমন রাণীর মর্যাদা দেয়া হচ্ছে কেন?
এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্ত ও ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। পরবর্তীতে পোস্টটি মুছে ফেলা হয়। বিতর্কের জেরে নাসিম শাহ পরিষ্কার করে জানান, এটি তার ব্যক্তিগত মন্তব্য নয়, বরং তার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল।
আইডি থেকে আবার পোস্ট করা হয়, ‘নাসিমের এই অ্যাকাউন্টটি সম্প্রতি হ্যাকড হয়েছিল, তবে এখন সফলভাবে পুনরুদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *