বিশ্ববাজারে স্বর্ণের দাম এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে। শক্তিশালী মার্কিন ডলার ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের (ফেড) কঠোর অবস্থানের কারণে এই পতন ঘটেছে। এতে নিকট ভবিষ্যতে সুদের হার কমার সম্ভাবনাও কমে গেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টা ৪৯ মিনিট স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭৬৪ দশমিক ২৭ ডলারে দাঁড়ায়। এটি ৬ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন। একই সময়ে এপ্রিল ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণ ফিউচারের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৭৭০ ডলারে নেমে আসে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর থেকে স্বর্ণের দাম ৯ শতাংশের বেশি কমেছে। এই সময়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে ডলারের চাহিদা বেড়েছে, যা স্বর্ণের ওপর চাপ সৃষ্টি করেছে।
বিশ্লেষকেরা বলছেন, ডলার শক্তিশালী হলে ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক বেশি ব্যয়বহুল হয়ে পড়ে। ফলে চাহিদা কমে যায়।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটেরার বলেন, উচ্চ ডলার ও উচ্চ তেলের দামের পরিবেশে স্বর্ণ চাপে রয়েছে, যদিও ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে। বাজারের অস্থিরতায় অনেক বিনিয়োগকারী অন্য খাতে ক্ষতি পুষিয়ে নিতে স্বর্ণের বিনিয়োগ থেকে সরে আসছেন।
মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্র হওয়ায় বৈশ্বিক শেয়ারবাজারে পতন দেখা গেছে। একই সঙ্গে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে উঠে গেছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।
এদিকে, ফেড ও ব্যাংক অব কানাডা সুদের হার অপরিবর্তিত রাখলেও কঠোর বার্তা দিয়েছে। তারা সতর্ক করেছে, জ্বালানির দাম বাড়তে থাকলে মুদ্রাস্ফীতি দীর্ঘস্থায়ী হতে পারে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমার প্রত্যাশা এতদিন স্বর্ণের দামে উত্থান ঘটিয়েছিল। কিন্তু তেলের দাম বাড়ায় সেই প্রত্যাশা কমে গেছে, ফলে স্বর্ণের দাম নিম্নমুখী হয়েছে।
যদিও মুদ্রাস্ফীতি বাড়লে স্বর্ণ সাধারণত নিরাপদ বিনিয়োগ হিসেবে আকর্ষণীয় হয়ে ওঠে, উচ্চ সুদের হার স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের চাহিদা কমিয়ে দেয়।
এদিকে, অন্যান্য ধাতুর বাজারেও পতন দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম ৪ দশমিক ৩ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ দশমিক ১৪ ডলার, প্লাটিনাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৯৮১ দশমিক ৪৮ ডলার এবং প্যালাডিয়াম ১ শতাংশ কমে ১ হাজার ৪৬১ ডলারে দাঁড়িয়েছে।
দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৪ হাজার ৬২৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ১৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ৩১৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের রুপার দাম পড়ছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৪৮২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৪৯৯ টাকায় বেচাকেনা হয়েছে।