সাম্প্রতিক সময়ে ট্রাইব্যুনালের এক প্রসিকিউটরের ঘুষ চাওয়ার কাণ্ডে কথোপকথন ফাঁস হওয়ায় চট্টগ্রামের ওয়াসিম হত্যার পুনঃতদন্তের আবেদন করবে আসামি ফজলে করিম চৌধুরী। সোমবার (১৬ মার্চ) সকালে তার আইনজীবী বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ তারা আবেদন নিয়ে এলেও ঈদের আগে তা না নিয়ে ঈদের পরে আসতে বলা হয়েছে। এদিন প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা দিতে পারেনি তদন্ত সংস্থা।
ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে মামলাটি বিচারাধীন রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ প্রতিবেদন জমার দিন ধার্য ছিল।
এ মামলায় বর্তমানে ফজলে করিমসহ চারজন গ্রেপ্তার রয়েছেন। অন্যরা হলেন যুবলীগ নেতা আজিজুর রহমান, তৌহিদুল ইসলাম ও মো. ফিরোজ। জানা গেছে, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফজলে করিমকে গ্রেপ্তার দেখিয়ে গত ১৬ ফেব্রুয়ারি কারাগারে পাঠান আদালত।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামে কোটা সংস্কার আন্দোলনে প্রাণ হারান কলেজছাত্র ওয়াসিম আকরাম। একই বছরের ১৮ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা করেন তার মা জোছনা বেগম। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ২৫০ জনকে আসামি করা হয়। তবে জুলাই-আগস্ট আন্দোলন ঘিরে চট্টগ্রামে ওয়াসিমসহ ১১ জন হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে একটি মামলা হয়। এতে ফজলে করিমসহ বেশ কয়েকজন আসামি হিসেবে রয়েছেন।
Leave a Reply