দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। শনিবার (১৪ মার্চ) দুপুর ২টা ৩৫মিনিটের দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ সিনিয়র জেল সুপার আল মামুন। তিনি বলেন, সাংবাদিক আনিস আলমগীরের জামিনের যাবতীয় কাগজপত্র এক দিন আগে কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই করে আজ (শনিবার) দুপুর ২টা ৩৫মিনিটে তাকে ছেড়ে দিলে তিনি স্বজনদের সঙ্গে কারাগার থেকে বের হয়ে যান।
এর আগে ১১ মার্চ ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ শুনানি নিয়ে আনিস আলমগীরের জামিন মঞ্জুর করেন।
জিজ্ঞাসাবাদের জন্য গত বছরের ১৪ ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে আনিস আলমগীরকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) নেয়া হয়। পরদিন তাকে উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে তাকে পাঁচদিনের রিমান্ডে নেয়া হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৫ মার্চ আনিস আলমগীরকে জামিন দেন উচ্চ আদালত।
গত ১৫ জানুয়ারি আনিস আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করে। মামলায় আনিস আলমগীরের বিরুদ্ধে ৩ কোটি ২৬ লাখ ৪৮ হাজার ৯৩৮ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২৫ জানুয়ারি এই মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে দুদক। পরে আবেদন মঞ্জুর করেন আদালত। সেই মামলায়ও জামিন পান তিনি।
Leave a Reply