কতদূরবারবার ইনজুরিতে পড়ে স্বপ্নভঙ্গ হলেও ২০২৬ বিশ্বকাপ খেলার স্বপ্নে বিভোর ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এই তারকা ফুটবলার যাতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নিতে পারেন, সেজন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিও হয়তো শেষ একটি সুযোগ দিতে পারেন সান্তোসের এই তারকাকে। খবর স্প্যানিশ গণমাধ্যম মার্কার।
বিশ্বকাপের আর মাত্র প্রায় ১০০ দিন বাকি থাকতে ব্রাজিলের আসন্ন প্রীতি ম্যাচগুলোর জন্য কোচ আনচেলত্তির প্রাথমিক তালিকায় নেইমারের নাম রাখা হয়েছে। আগামী ২৬ মার্চ বোস্টনে ফ্রান্সের বিপক্ষে এবং ৩১ মার্চ অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল। বিষয়টি নিশ্চিত করেছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
এই দুটি ম্যাচ একদিকে যেমন বিশ্বকাপের প্রস্তুতি, অন্যদিকে নেইমারের জন্যও বড় পরীক্ষা। আবারও বিশ্বকাপ মঞ্চে খেলতে চাইলে তাকে কোচকে মুগ্ধ করতে হবে।
খবর অনুযায়ী, আনচেলত্তি ও তার কোচিং স্টাফ ১০ মার্চ মিরাসল এফসি ও সান্তোস এফসির ম্যাচটি সরাসরি মাঠে উপস্থিত থেকে দেখবেন। সেখানে নেইমারের পারফরম্যান্স পর্যবেক্ষণ করা হবে। এরপর ১৬ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হতে পারে।
যদিও কোচের উপস্থিতি মানেই যে নেইমারের সঙ্গে আলাদা কোনো বৈঠক হবে, তা নয়। তবু তার খেলা দেখতে যাওয়াটা নিজেই গুরুত্বপূর্ণ একটি ইঙ্গিত।
২০২৬ মৌসুমে সান্তোসের হয়ে ইতোমধ্যে কয়েকটি ম্যাচ খেলেছেন নেইমার। গোল ও অ্যাসিস্ট করে আবারও আলোচনায় ফিরেছেন তিনি এবং ক্লাব ও জাতীয় দলে তার ভূমিকা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। তবে এই সুযোগ কাজে লাগাতে না পারলে, আরেকটি বিশ্বকাপে খেলার তার স্বপ্ন ধীরে ধীরে ফিকে হয়ে যেতে পারে।
বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। বিশ্বকাপের আগে নেইমারের বয়স হবে ৩৪ বছর। তিনি শেষবার ব্রাজিলের হয়ে খেলেছিলেন ১৭ অক্টোবর ২০২৩ সালে, যখন দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়েন। সেই ইনজুরি তাকে এক বছরেরও বেশি সময় মাঠের বাইরে রেখেছিল।