টিএফআই সেলে গুম করে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ আসামির বিরুদ্ধে ব্যারিস্টার আরমানকে আগামী ১০ মার্চ ফের জেরা করবেন আসামীপক্ষের আইনজীবীরা।
রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। আজও ব্যারিস্টার আরমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা।
গত ২১ জানুয়ারি তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ব্যারিস্টার আরমান। জবানবন্দিতে তিনি দীর্ঘ আট বছরের গুমজীবনের ভয়াবহ বর্ণনা তুলে ধরেন ট্রাইব্যুনালের সামনে। ২০১৬ সালে গুমের শিকার হন তিনি।
এ মামলার ১৭ আসামির মধ্যে গ্রেফতার হয়েছেন ১০ সেনা কর্মকর্তা। কিন্তু পলাতক রয়েছেন মামলার মূল আসামি শেখ হাসিনা, তার উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক আইজিপি বেনজির আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক এম খুরশিদ হোসেন, র্যাবের সাবেক মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ ও র্যাবের সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলাম।
এদিকে, ২০১৬ সালে রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়ীতে ‘জঙ্গি নাটক সাজিয়ে’ ৯ জনকে হত্যা মামলার শুনানির জন্য ৬ এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১।
এর আগে এই মামলায় শেখ হাসিনাসহ ছয় পলাতক আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেয়া হয়েছে ।
এছাড়া ট্রাইব্যুনাল-২ এ কার্যক্রম নিষিদ্ধি আওয়ামী লীগের নেতা মাহবুবউল আলম হানিফ ও ওবায়দুল কাদেরের মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply