কৃষি, খাদ্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ সময় তিনি বলেছেন, আমরা বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বাংলাদেশকে তার জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছি।
সোমবার (২ মার্চ) মন্ত্রীর সচিবালয়ের অফিস কক্ষে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা কৃষি, প্রাণিসম্পদ, পারস্পরিক আমদানি-রপ্তানি বাণিজ্য বিষয়ে আলোকপাত করেন।
শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের দীর্ঘ সময়ের বন্ধু ও উন্নয়ন অংশীদার। উভয় দেশের মধ্যে খুবই চমৎকার সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতিকে আরও বেগবান করতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষি প্রযুক্তিসহ সহযোগিতার মনোভাবকে বাংলাদেশ স্বাগত জানায়
মার্কিন রাষ্ট্রদূত নবনিযুক্ত মন্ত্রীকে অভিবাদন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, তার দেশ কৃষিখাতে আমদানি-রপ্তানি বাণিজ্য আরও সুদৃঢ় করতে আগ্রহী। মন্ত্রীও এ বিষয় নিয়ে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেন।
রাষ্ট্রদূত আরও জানান, আমেরিকার উচ্চমানের কৃষিপণ্য যেমন- সয়াবিন, ভুট্টা, গম ও তুলা বাংলাদেশের প্রাণিসম্পদ, দুগ্ধ ও মৎস্য খাতের খামারি এবং বিভিন্ন ধরনের মিল মালিকদের সহায়তা করে। আমরা বাণিজ্যে ভারসাম্য বজায় রাখার পাশাপাশি বাংলাদেশকে তার জনগণের খাদ্য জোগাতে সহায়তা করছি।
এ সময় কৃষি মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।